ঘুরে দাঁড়াক বাংলাদেশ বিমান

ঘুরে দাঁড়াক বাংলাদেশ বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযানে সুফল মিলতে শুরু করেছে। মার্চের শেষ সপ্তাহে শুরু হওয়া এ অভিযানে শুধু এপ্রিল মাসেই টিকিট বিক্রি বেড়েছে ১৪২ কোটি ৬১ লাখ টাকার।

যেখানে ২০১৮ সালের এপ্রিলে টিকিট বিক্রি খাতে বিমানের আয় হয়েছিল ২৭০ কোটি ৩৯ লাখ টাকা, সেখানে এ বছর এপ্রিলে আয় হয়েছে ৪১৩ কোটি টাকা। বিমানের ইতিহাসে এমনটি নজিরবিহীন। জানা যায়, এটি সম্ভব হয়েছে দুর্নীতিবিরোধী মনিটরিং ব্যবস্থা জোরদার করার ফলে। এতদিন বিমানের টিকিট বিক্রির কার্যক্রমটি সম্পন্ন হতো পুরোপুরি অস্বচ্ছ প্রক্রিয়ায়।

টিকিট দুর্নীতি সিন্ডিকেটের সদস্যরা টিকিট ব্লক করে তা বেশি দামে কালোবাজারে বিক্রি করত। তাদের সুবিধামতো টিকিট বিক্রি না হলে ব্লক করা টিকিট বিক্রি না করে খালি সিট নিয়ে উড়োজাহাজ ছাড়া হতো। এতে করে বিমানকে বিপুল অঙ্কের টাকা লোকসান দিতে হতো। এভাবেই চলে এসেছে বছরের পর বছর। আর দুর্নীতিবাজ চক্র বনে গেছে শত শত কোটি টাকার মালিক।

আওয়ামী লীগ এ মেয়াদে ক্ষমতায় এসে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে। এরই অংশ হিসেবে বিমানের সব শাখার বিদ্যমান সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়। জানা গেছে, খোদ প্রধানমন্ত্রী এ ব্যাপারে দৃঢ় অবস্থান নিয়েছেন। এটি আশাব্যঞ্জক।

বিমানের দুর্নীতির বিরুদ্ধে এ অভিযান অব্যাহত রাখা প্রয়োজন। কেননা দুর্নীতি শুধু টিকিট বিক্রি খাতে সীমাবদ্ধ নেই, সংস্থাটির আট খাতে দুর্নীতির উৎস চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিমানের যেসব খাতে দুর্নীতি চিহ্নিত করা হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল- এয়ারক্রাফট কেনা ও লিজ নেয়া, রক্ষণাবেক্ষণ, ওভারহোলিং, গ্রাউন্ড সার্ভিস, কার্গো আমদানি-রফতানি, টিকিট বিক্রি, ক্যাটারিং ইত্যাদি।

অনুসন্ধানে দেখা গেছে, এসব খাতে সীমাহীন দুর্নীতি হচ্ছে এবং বিমানের অসাধু কর্মকর্তা এবং বোর্ডের অসৎ পরিচালকরা এসব দুর্নীতির সঙ্গে জড়িত। এ পরিপ্রেক্ষিতে গত মাসের শেষদিকে বিমানের পরিচালনা পর্ষদ সভায় সংস্থাটির এমডি মোসাদ্দিক আহম্মেদকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়। সেই সঙ্গে তার এবং আরও নয়জনের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

আমরা মনে করি, বিমানকে ঘুরে দাঁড় করাতে হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বিকল্প নেই। যারা এতদিন জাতীয় পতাকাবাহী এ সংস্থাটিকে অবৈধ আয়ের উৎস হিসেবে ব্যবহার করেছে, তাদের শুধু অপসারণ নয়, শাস্তি হওয়াও জরুরি। দুর্নীতির কারণে বিমানকে প্রতি বছর শুধু বিপুল অঙ্কের অর্থ লোকসানই দিতে হয়নি, সংস্থাটির সেবার মানও হয়েছে প্রশ্নবিদ্ধ। মান বৃদ্ধির কোনো প্রয়াসও নেয়নি কর্তৃপক্ষ।

ফলে পারতপক্ষে কেউ বিমানের উড়োজাহাজে চড়তে চায়নি এতদিন। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে কোনো প্রতিষ্ঠানকে টিকে থাকতে হলে সে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষ, যোগ্য ও দুর্নীতিমুক্ত হওয়ার বিকল্প নেই।

এদিক থেকে বিমানের অবস্থা অত্যন্ত নাজুক। অদক্ষতা, অযোগ্যতা আর দুর্নীতি এ সংস্থাটির পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি এয়ারলাইন্সের সঙ্গে প্রতিযোগিতায় বিমানের পিছিয়ে পড়ার এটাই অন্যতম কারণ। এ অবস্থা থেকে উত্তরণে বিমানের দুর্নীতির মূলোৎপাটন করে সৎ, দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ দিতে হবে। এর মধ্য দিয়ে অচিরেই ঘুরে দাঁড়াবে বিমান, এটাই প্রত্যাশা।

Comments (0)
Add Comment