ইয়ঙ্গুন বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত ঘোষণা

মিয়ানমারের ইয়াংগুন আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সময় বুধবার (৮ মে) সন্ধ্যা ৬টা ২২ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়ার পর বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয় বলে জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য মিয়ানমার টাইমস।

বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ বিমানের বিজি-060 ফ্লাইটের একটি উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়ে। এ ঘটনায় বাংলাদেশ বিমানের পাইলটসহ বেশ কয়েকজন আহত হয়েছেন ।দুর্ঘটনায় বিমানের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলেও সূত্র জানিয়েছে।

বিমানের প্রকৌশল শাখার একটি সূত্র জানিয়েছে, বিমানটিতে পাইলটের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন শামিম। জরাজীর্ণ ওই ড্যাস-৮ কিউ ৪০৯ উড়োজাহাজটি অনেকদিন থেকে ভালো চলছিল না।

এদিকে ইয়ঙ্গুন বিমানবন্দরে বিমান চলাচল আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। আশপাশের বিমানগুলোকে থাইল্যান্ডের চিয়াং মাই বিমানবন্দরে যাওয়ার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল খান চৌধুরী জানান, ইফতারের আগে এই দুর্ঘটনা ঘটে। বিমানটিতে পাইলট ও কেবিন ক্রুসহ মোট ৩৪ জন আরোহী ছিলেন। ৩৪ জন আরোহীর মধ্যে একজন শিশু, পাইলট ও কেবিন ক্রু ছিলেন আরও চারজন। এদের মধ্যে আহত ১৯ জনকে ইয়াংগুনের নর্থ ওকলাপা হসপিটালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে ১১ জনকে ছাড়পত্র দেয়া হয়।

Comments (0)
Add Comment