মিয়ানমারে আহত যাত্রীদের চিকিৎসা খরচ দেবে বিমান কর্তৃপক্ষ

মিয়ানমারে আহত যাত্রীদের চিকিৎসা খরচ দেবে বিমান কর্তৃপক্ষ।

মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে যেসব যাত্রী আহত হয়েছেন, তাদের চিকিৎসা খরচ ও ক্ষতিপূরণ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এ তথ্য জানিয়েছেন।

শাকিল মেরাজ বলেন, ‘বিমানটি বীমার আওতায় রয়েছে। বীমার শর্ত অনুসারে আহত যাত্রীরা ক্ষতিপূরণ পাবেন। তবে কে কতটা আহত হয়েছেন এসব পর্যবেক্ষণ করে বীমা প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হবে।’

তিনি বলেন, ‘যাত্রীদের সব ধরনের সেবা ও সহযোগিতা দেওয়ার জন্য বিমানের পক্ষ থেকে উদ্যোগও নেওয়া হয়েছে। মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসও হাসপাতালে চিকিৎসাধীন যাত্রীদের সার্বিক বিষয়ে তদারকি করছে, তাদের খোঁজখবর রাখছে।’

শাকিল মেরাজ জানান, আহতদের মধ্যে ১৪ জন মিয়ানমারে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকদের পরামর্শ অনুসারে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দূর্ঘটনা কবলিত সেই ফ্লাইটে বাংলাদেশের ১৫ জন, চীনের পাঁচ জন, মিয়ানমারের তিন জন, ডেনমার্কের একজন, ফ্রান্সের একজন, ব্রিটেনের দুজন, কানাডার একজন ও ভারতের একজন যাত্রী ছিলেন। এর মধ্যে আহত হয়ে চীনের দুজন, মিয়ানমারের দুজন, ভারতের একজন, কানাডার একজন ও বাংলাদেশের ১২ জন যাত্রী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

প্রসঙ্গত, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ইয়াঙ্গুনগামী ড্যাশ-৮ উড়োজাহাজের ফ্লাইটটি (বিজি ০৬০) ঢাকা থেকে বুধবার বিকাল ৩টা ৪৫ মিনিটে ত্যাগ করে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে ইয়াঙ্গুনে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে রানওয়ে থেকে ছিটকে যায়। এ ঘটনায় ১৯ যাত্রী আহত হন।

এদিকে ইয়াঙ্গুন থেকে ১৭ যাত্রী নিয়ে দেশে ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট ড্যাশ-৮ কিউট-৪০০। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আর রানওয়েতে ছিটকেপড়া বিমানে আহত ১৪ যাত্রী এখনও হাসপাতালে চিকিৎসাধীন। বাকি আহত চার যাত্রী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে দুর্ঘটনাকবলিত কোনো যাত্রীকে দেশে ফেরত আনা সম্ভব হয়নি।

আজ ভোরে ১৭ যাত্রী নিয়ে বিশেষ ফ্লাইটটি ফিরে এসেছে। তারা অপেক্ষমাণ যাত্রী ছিলেন।

Comments (0)
Add Comment