‘উচ্চক্ষমতা সম্পন্ন মার্কিন গোয়েন্দা বিমান ও ড্রোন ভূপাতিত করার সক্ষমতা ইরানের রয়েছে’।
যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি করে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার এডমিরাল ড. হোসেইন খানজান্দি বলেছেন, আরও উচ্চক্ষমতা সম্পন্ন মার্কিন গোয়েন্দা বিমান ও ড্রোন ভূপাতিত করার সক্ষমতা ইরানের রয়েছে। বিষয়টি যুক্তরাষ্ট্রও ভালোভাবে অবগত রয়েছে। খবর আনাদলুর।
নৌবাহিনীর এ কমান্ডার বলেন, ইরানের কতটুকু সক্ষমতা রয়েছে তা যথাসময়ে দেখিয়ে দেয়া হবে। যুক্তরাষ্ট্র যদি ইরানে আবার কোনো ড্রোন পাঠায় তাহলে সেটিও আমরা ভূপাতিত করব।তাদের উন্নত প্রযুক্তির যে কোনো বিমান ভূপাতিত করার সক্ষমতা ইরানের রয়েছে।
প্রসঙ্গত,গত বৃহস্পতিবার ইরান কর্তৃক মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করার পর মধ্যপ্রাচ্যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা দ্রুত বৃদ্ধি পেয়েছে।
গুলি করে মার্কিন ড্রোন ভূপাতিত করার জবাবে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানি লক্ষ্যবস্তুতে হামলার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ট্রাম্পের ভাষ্যমতে, ব্যাপক প্রাণহানির আশঙ্কায় ওই নির্দেশের পরপরই তা প্রত্যাহার করা হয়েছে।
যদিও যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের আকাশসীমার ভেতরে নয়, আন্তর্জাতিক সীমানাতেই তাদের ড্রোনটি অবস্থান করছিল।
ওমান উপসাগরে তেল ট্যাংকারে হামলার পর থেকে দেশ দু’টির মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। সোমবার থেকে ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাষ্ট্র।