অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, নিহত ২ বিমানকর্মী

সাইবেরিয়ায় অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ২ বিমানকর্মী

সাইবেরিয়ার উলান-উডে বিমানবন্দর থেকে উড়ান শুরু করেছিল বিমানটি। কিন্তু নিঝনিয়ানগারস্ক বিমানবন্দরে জরুরি অবতরণ করার অনুমতি চায়। অবতরণের সময় রানওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিমানটি।সোজা গিয়ে ধাক্কা মারে পাশে টারম্যাক থেকে ১০০ মিটার দূরে থাকা বর্জ্যপদার্থ পরিশোধনাগারের বিল্ডিংয়ে! যার জেরে ভেঙে পড়ে ছোট যাত্রীবাহী বিমানটির সামনের অংশ। বিষয়টি দেখতে পেয়ে দৌড়ে যান বিমানবন্দরের কর্মীরা। বিমানে থাকা ৪৩ জন যাত্রীকে সুরক্ষিত অবস্থায় নামিয়ে আনা সম্ভব হলেও মৃত্যু হয় দুই বিমানকর্মীর।

সাইবেরিয়ার বুরায়াতি প্রদেশের প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আঙ্গারা বিমান সংস্থার ওই রাশিয়ান যাত্রীবাহী এএন-২৪ বিমানটি প্রতিদিনই যাতায়াত করে। বিমানটি থেকে এক শিশু সহ ৪৩ জন যাত্রীকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু, দু’জন বিমানকর্মীকে আর বাঁচানো যায়নি।

ঘটনায় পূর্ব সাইবেরিয়া পরিবহণ দপ্তরের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। বলা হয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। বিমানটি এয়ার সেফটি আইন মেনে উড়ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মৃত বিমানকর্মীদের পরিচয় জেনে তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

Comments (0)
Add Comment