ব্রাজিল প্রেসিডেন্টের বিমানবহর থেকে ৩৯ কেজি কোকেন উদ্ধার

ব্রাজিল প্রেসিডেন্টের বিমানবহর থেকে ৩৯ কেজি কোকেন উদ্ধার।

‘ব্রাজিলের ট্রাম্প’খ্যাত বিতর্কিত প্রেসিডেন্ট জাইর বলসানোরোর বিমানবহর থেকে ৩৯ কেজি কোকেন উদ্ধার করা হয়েছে। বোলসোনারোর ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা দেশটির বিমানবাহিনীর এক কর্মকর্তার লাগেজ থেকে এসব কোকেইন উদ্ধার করা হয়।

জি-২০ সম্মেলনে যোগ দিতে ওই বিমানে করে জাপান যাচ্ছিলেন বোলসোনারো। তার সফরসঙ্গী ছিলেন কোকেইন বহনকারী বিমানবাহিনীর ওই কর্মকর্তা। মঙ্গলবার বিমানে ওই কর্মকর্তার লাগেজ থেকে ৩৯ কেজি কোকেইন জব্দ করে স্পেনের পুলিশ। খবর বিবিসির।

ব্রাজিলে ব্যাপকভাবে প্রচলিত মাদক বাণিজ্যের ওপর জিরো টলারেন্স দেখানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন তিনি। কিন্তু তারই নিরাপত্তাকর্মীর মালামালের মধ্য থেকে ভয়াবহ মাদক কোকেন উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় বলসোনারোর হাত থাকতে পারে বলে মনে করছেন অনেকেই। স্পেন পুলিশের একজন মুখপাত্র বলেন, তার মালপত্রের মধ্যেই কোকেন পাওয়া গিয়েছিল যা মোট ৩৯ কেজি।

তিনি ড্রাগ পাচারের সন্দেহে গ্রেফতার হন এবং বর্তমানে আমাদের সদর দফতরে হেফাজতে আছেন এবং বিচারকের সামনে হাজির হওয়ার অপেক্ষায় আছেন। ব্রাজিলের রেকর্ডটিভি জানায়, ওই কর্মকর্তার নাম রদ্রিগেজ। তিনি ৩৮ বছর বয়সী একজন সার্জেন্ট।

তবে এ ঘটনার দায় না নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট এক টুইট বার্তায় বলেন, তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তারা যেন স্প্যানিশ কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে বিষয়টির তদন্ত করে। যদি বিষয়টি প্রমাণিত হয় তাহলে ওই কর্মকর্তাকে বিচারের মুখোমুখি করে আইন অনুযায়ী যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে।’

Comments (0)
Add Comment