চট্টগ্রাম থেকে বিমানের ১ম হজ ফ্লাইটে যাবেন ৪১৯ জন।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবার সৌদি আরবের জেদ্দা ও মদিনায় মোট ১৯টি হজ ফ্লাইট যাবে। এর মধ্যে জেদ্দায় যাবে ১২টি, মদিনায় ৯টি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুত্র জানায়, রোববার (৭ জুলাই) বিকেল সাড়ে চারটায় শাহ আমানত থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে উড্ডয়ন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট।
চট্টগ্রাম থেকে হজের জন্য নির্ধারিত ১৯টি ফ্লাইটের বাইরে আরও ১২টি শিডিউল ফ্লাইটে হজযাত্রীরা যাবেন। শাহ আমানত থেকে ১০ হাজার হজযাত্রী নেওয়ার পরিকল্পনা রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জেনেছি, ইতিমধ্যে হজ ফ্লাইটের ৯ হাজার ৮০০ টিকিট বিক্রি হয়েছে।
এ বছরই প্রথমবারের মতো বাংলাদেশ ইমিগ্রেশনের পাশাপাশি সৌদি আরবের ইমিগ্রেশন (প্রি–অ্যারাইভাল ইমিগ্রেশন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু করা হয়েছে। ৬৪ হাজারের মতো হজযাত্রীর সৌদি অংশের ইমিগ্রেশন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পন্ন হওয়ার কথা। এতে বিপুলসংখ্যক হজযাত্রীকে জেদ্দা বিমানবন্দরে ইমিগ্রেশনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না।
হজ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ৪ জুলাই পর্যন্ত সর্বমোট ইস্যুকৃত ভিসার সংখ্যা ৩৯৮৬৭ টি (ব্যবস্থাপনা ভিসাসহ)। এছাড়া এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অনলাইনে মেডিক্যাল প্রোফাইল এন্ট্রিকরা হয়েছে ১৭৭৩৫ হজযাত্রীর।
উল্লেখ্য, হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমান ঢাকা থেকে জেদ্দা এবং ঢাকা থেকে মদিনায় বিশেষ ব্যবস্থার আয়োজন করেছে। এ বছরই প্রথম ঢাকা থেকে মদিনায় ১৮টি এবং মদিনা থেকে ঢাকা ১৫টি এবং চট্টগ্রাম থেকে ১৯টি, সিলেট থেকে ৩টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে।