অর্থ আত্মসাৎ মামলায় বিমানের সাবেক ৪ কর্মকর্তার কারাদণ্ড।
অর্থ আত্মসাৎ মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের চার সাবেক কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের বেতন শাখার সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ জিন্নাহ, ক্যাশ অ্যান্ড ব্যাংকিং শাখার সাবেক হিসাব তত্ত্বাবধায়ক এমএএসটি চৌধুরী, একই শাখার সাবেক সহকারী ব্যবস্থাপক এমএ রব ও বেতন শাখার সাবেক হিসাব তত্ত্বাবধায়ক মো. হারুন অর রশিদ।
আসামিদের মধ্যে প্রথম দুজনের ৭ বছর করে কারাদণ্ড ও ২৫ লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।আসামি এমএ রবকে ৫ বছর কারাদণ্ড ও ২৫ লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
এছাড়া আসামি হারুন অর রশিদ পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় হারুন অর রশিদ ছাড়া বাকি সবাই উপস্থিত ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্র জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে বিমানের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বিদেশে ভ্রমণ শেষে টিএ/ডিএ বিল উত্তোলনের পর একই ভ্রমণের অনুমতিপত্র ফটোকপি করে এবং কোনো কোনো ক্ষেত্রে কার্বন কপিতে কাটাকাটি করে টাকার পরিমাণ বৃদ্ধি করেন।
এভাবে একাধিক ভুয়া/জাল পরিশোধ ভাউচার তৈরি করে ১৬৬টি ভাউচারের মাধ্যমে ২৮ লাখ ৫৮ হাজার ৪৪১ টাকা আত্মসাৎ করেন।২০০১ সালের জুলাই হতে ২০০২ সালের জুন পর্যন্ত এ আÍসাতের ঘটনা ঘটে। ওই ঘটনায় দুদকের উপ-পরিচালক বেনজীর আহম্মদ বাদী হয়ে ২০১০ সালের ৫ সেপ্টেম্বর মামলাটি করেন।
একই কর্মকর্তা তদন্ত শেষে ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। ২০১৬ সালের ২৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করেন আদালত।মামলায় ২১ জনের মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। চার্জশিটভুক্ত আসামি মীর আজিজুর রহমান মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে।