সাশ্রয়ী ভাড়ায় বিদেশ ভ্রমণের সময় বাড়ল

রিজেন্ট এয়ারে সাশ্রয়ী ভাড়ায় বিদেশ ভ্রমণের বিশেষ সুযোগ আগামী ৯ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। রমজান ও ঈদ উপলক্ষে যাত্রীদের চাহিদার কথা চিন্তা করে আরো ৯ দিন সময় বাড়িয়েছে কর্তৃপক্ষ। গত ১ মে থেকে ৩১ মে পর্যন্ত এই সুযোগ ছিল। ঢাকা ও চট্টগ্রাম থেকে আন্তর্জাতিক রুট কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও কলকাতা রুটে মূল্যছাড়ে ভ্রমণের সুযোগ রয়েছে।

এদিকে চট্টগ্রাম-কলকাতা ও ঢাকা-কলকাতা রুটে যাত্রী ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় ১২৬ আসনের বোয়িং বিমান দিয়ে সপ্তাহে তিন দিন শনি, সোম ও বুধবার সার্ভিস চালু করেছে রিজেন্ট এয়ার। সপ্তাহের বাকি দিনগুলোতে আগের মতো ড্যাশ বিমানে যাত্রী পরিবহন করা হবে।

কর্তৃপক্ষ জানায়, ছাড়ের ফলে সব ট্যাক্সসহ ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ২৭ হাজার ৭৭৭ টাকা, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা ২০ হাজার ৮১১ টাকা, ঢাকা-ব্যাংকক-ঢাকা ১৭ হাজার ৪৪৪ টাকা, ঢাকা-কলকাতা-ঢাকা আট হাজার ১৮৮ টাকা, চট্টগ্রাম-ব্যাংকক-চট্টগ্রাম ১৯ হাজার ৭৭৭ টাকা এবং চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম ১০ হাজার ৬১১ টাকা করা হয়েছে।

রিজেন্টের সব সেলস সেন্টার এবং ট্রাভেল এজেন্ট কিংবা অনলাইন থেকে এই টিকিট সংগ্রহ করা যাবে। তবে বিশেষ ছাড়ের টিকিটের যাত্রীদের ৯ জুনের মধ্যে টিকিট কিনে ১০ জুন থেকে ১০ আগস্ট, ২০১৫-এর মধ্যে ভ্রমণ করতে হবে।

Comments (0)
Add Comment