‘পর্যটনের প্রসারে প্রয়োজন পর্যটন পণ্যের সঠিক ব্র্যান্ডিং’

পর্যটনের প্রসারে প্রয়োজন পর্যটন পণ্যের সঠিক ব্র্যান্ডিং

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক আয়োজিত এক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, দেশে পর্যটনের প্রসারে প্রয়োজন পর্যটন পণ্যের সঠিক ব্র্যান্ডিং। পর্যটন পণ্যের সঠিক ব্র্যান্ডিং করতে পারলে দেশে বিপুলসংখ্যক পর্যটক আসবেই।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা সারা বিশ্বে পরিচিত ছিলাম বীরের জাতি হিসেবে। কিন্তু ৭৫ এর পরবর্তীতে বিভিন্ন সময়ে আমাদের দরিদ্র, ক্ষুধাপীড়িত, প্রাকৃতিক দুর্যোগ কবলিত ও আইন-শৃঙ্খলা অবনতিশীল একটি দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। জাতির পিতার কন্যা শেখ হাসিনার প্রথম শাসনামল ও গত ১০ বছরে আমরা সে দুর্নাম কাটিয়ে উঠতে পেরেছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, ঘরে ঘরে বিদ্যুৎ রয়েছে, দেশের অভ্যন্তরীণ কানেক্টিভিটি বেড়েছে, রাস্তাঘাটসহ ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে যার প্রত্যেকটি পর্যটনের সহায়ক পরিবেশ তৈরি করে। বাংলাদেশ আজ সবার জন্য নিরাপদ। আমাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত চমৎকার অবস্থায় রয়েছে।

মাহবুব আলী বলেন, আমাদের প্রত্যেকটি উৎসবের নিজস্ব রং এবং বৈশিষ্ট্য রয়েছে। আমাদের উৎসবগুলোর মতো এত রঙিন উৎসব পৃথিবীর আর কোথাও পালিত হয় না। আমাদের উৎসবগুলো ধর্ম-বর্ণ নির্বিশেষে সার্বজনীন। আমাদের প্রত্যেকটি উৎসবে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো দেশের জন্য আদর্শ। আমাদের দেশের প্রতিটি অঞ্চলে যে প্রত্নতাত্ত্বিক সম্পদ আছে, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আছে তা সঠিকভাবে বিশ্বের সামনে তুলে ধরতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের নারী পর্যটকদের জন্য আরো উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে। বিভিন্ন পর্যটন আকর্ষণে ভ্রমণের ক্ষেত্রে নারীদের যেন কোনো প্রকার প্রতিবন্ধকতা মোকাবিলা করতে না হয় সেদিকে আমরা দৃষ্টি দেব। বিভিন্ন পর্যটন কেন্দ্রে নারীবান্ধব অবকাঠামো ও সুযোগ-সুবিধা তৈরি করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে,আমাদের পর্যটনও এগিয়ে যাচ্ছে। পর্যটনের প্রসারের ক্ষেত্রে আমাদের কিছু ব্যর্থতা আছে তা মেনে নিয়েই আমরা পর্যটন বিকাশে কাজ করতে চাই, পর্যটনের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে চাই।

তিনি বলেন, পর্যটন সেবার মান বাড়াতে দেশের ৮টি বিভাগে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নতুন অফিস খোলা হবে। পর্যটনশিল্পে দক্ষ জনশক্তি গড়ে তুলতে ঢাকায় আলাদা পর্যটন প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। তাতে পর্যটনশিল্পে উন্নত অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে পর্যটনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি কোর্স চালু করা হবে। দেশের পর্যটন পণ্যের যথাযথ বর্ণনা উপস্থাপনের জন্য ট্যুর গাইডদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

Comments (0)
Add Comment