ভারত নেপাল ভুটানের জন্য কতটা প্রস্তুত শাহ আমানত বিমানবন্দর?

ভারত নেপাল ভুটানের জন্য কতটা প্রস্তুত শাহ আমানত বিমানবন্দর?

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর অন্য দেশকে ব্যবহার করতে দেওয়ার জন্য কতটা প্রস্তুত? ব্যবসায়ীদের দাবি অন্য দেশকে ব্যবহার করতে দিলে বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়ন, রানওয়ে বৃদ্ধি ও পার্কিং ব্যবস্থা বাড়াতে হবে। অন্যদিকে সক্ষম বলছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা বলছে, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর অন্য যে কোনো দেশ ব্যবহার করলে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ লাভবান হবে। কিন্তু বাংলাদেশের সরকারি-বেসরকারি বিমান কোম্পানিগুলো ক্রমে হারিয়ে যাবে। কারণ কার্গো সার্ভিস, যাত্রী পরিবহনসহ সংশ্লিষ্ট সকল সুবিধা বৃদ্ধি করে দেবে অন্যদেশের বিমান কোম্পানিগুলো। ফলে আমাদের দেশের সেবা গ্রহণকারীরা ভারত, নেপাল ও ভুটানের দিকে ঝুঁকে পড়বে।

এ ব্যাপারে বিমানবন্দরের কয়েকজন যাত্রী জানান, এমনিতে যাত্রী হ্যান্ডলিং করতে হিমসিম খাচ্ছে বিমানবন্দরটি। তার উপর অন্য দেশের বিমানের চাপ কিভাবে সইবে।

সৌদি আরবগামী ফ্লাইটের যাত্রী মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, জেদ্দা থেকে রাত ২টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটটি চালু করার কথা ছিল। কিন্তু ছেড়েছে আরো একঘণ্টা পর রাত ৩টায়। দুপুর ১২টায় ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছে। কিন্তু এখান থেকে চেকিং হয়ে বের হতে আরো একঘণ্টা সময় লেগে যায়। আমাদের যাত্রীদের বিমান বন্দরের অভ্যন্তরে সময় নষ্ট হয় এক থেকে দেড় ঘণ্টার মতো।

যাত্রী আমির হোসেন বলেন, অন্য দেশের অতিরিক্ত ফ্লাইট এলে আমাদের বিমানবন্দরের উপর চাপ সৃষ্টি হবে। সেটি সামাল দেওয়ার মতো ক্ষমতা বিমান বন্দর কর্তৃপক্ষের আছে বলে আমি মনে হয় না।

চট্টগ্রাম বিমান বন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শাহ আলম সরকার বলেন, বর্তমানে যে পরিমাণ কার্গো মালামাল পরিবহন হচ্ছে, তা দ্বিগুণ বেড়ে যাবে অন্য দেশ ব্যবহার করলে। সেক্ষেত্রে আমাদের এখানে আরো জনবল বৃদ্ধি করা জরুরি। এছাড়া কার্গো হাউসও বৃদ্ধি করতে হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম বিমানবন্দর অনেক আগে থেকেই আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৬৬৫ মিটার রানওয়ে রয়েছে। ৬টি থেকে বৃদ্ধি করে ১০ বিমান পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এই বিমানবন্দরে বর্তমানে বাংলাদেশ বিমানের বোয়িং–৭৭৭ অপারেট করা হচ্ছে। এখানে প্রতিদিন গড়ে ৩২টি বিমান ওঠানামা করে। প্রতিদিন রানওয়ে ব্যবহার হয় ৬৫ বারের মতো।

জানা যায়, ২০০১ সালের ২৪ মার্চ চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের হিসেবে উদ্বোধন করা হয়। ওই সময় রানওয়ে সম্প্রসারণসহ উন্নয়নের কাজ করা হয়। দেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার পর থেকে বাড়ানো হয় নানা ধরনের সুযোগ সুবিধা। জাপানি ঋণে বিমানবন্দরের উন্নয়নকাজ করা হয়। এতে নামিদামি বিদেশি ফ্লাইট অপারেটরদের অনেকেই এখানে ফ্লাইট চালু করে। তবে যাত্রী সংকটসহ নানা কারণে তারা ফ্লাইট বন্ধ করে দেয়। বিশেষ করে সিঙ্গাপুর এয়ারলাইন্স, থাই এয়ার, ফুকেট এয়ার বন্ধ হয়ে যাওয়ায় চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যে ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে। পরবর্তীতে নানা চেষ্টার পরও আর থাই এয়ার বা সিঙ্গাপুর এয়ারলাইন্সকে চট্টগ্রামে আনা যায়নি। আসেনি ফুকেট এয়ারও।

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের কর্মকর্তা সাইফুল্লাহ বলেন, বাংলাদেশ বিমান যে পরিমাণ মালামাল পরিবহন করে সেগুলো অন্য বিদেশি বিমানের মধ্যে ভাগ হয়ে যাবে। তখন রাজস্ব হারাবে বিমান। কিন্তু এ বিমানবন্দর ব্যবহার করলে সিভিল এভিয়েশন লাভবান হবে। কারণ সিভিল এভিয়েশন প্রত্যেক বিমান থেকে চার্জ নিতে পারবে। অন্য দেশের বিমানও এ দেশের সরকারি-বেসরকারি বিমানগুলোর সাথে প্রতিযোগিতায় নামবে।

এ ব্যাপারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক বলেন, যখন কোনো প্লেন ল্যান্ড করে, তখন এর ন্যাভিগেশন, হ্যান্ডলিং, পার্কিং এসব কিছুর জন্য মূল্য দিতে হয়। তারপর যদি যাত্রীদের এখানে থাকতে হয়, সেক্ষেত্রে আবাসনের ব্যবস্থা হবে। সবমিলিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাবে, একটা কর্মসংস্থান সৃষ্টি হবে।
চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ব্যবহার করতে দিলে ব্যবসায়ীদের সুবিধাই বেশি হবে। উপযুক্ত ট্যারিফ চার্জ প্রদানের মাধ্যমে অন্য দেশ এ বন্দর ব্যবহার করবে। এতে সরকারেরই উপকার হবে। বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধি করা হবে।

মাহবুবুল আলম আরো বলেন, এটি আমাদের ব্যবসায়ীদের জন্য পজিটিভ হবে। আমি ক্ষতির কোনো কারণ দেখছি না।

ব্যবসায়ীরা জানান, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর আন্তর্জাতিকভাবে আলোচিত ও সমালোচিত। সম্প্রতি বিমানের চাকা ওপেন না হওয়া সত্ত্বেও কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই রানওয়েতে ল্যান্ডিং করে প্রশংসিত হয়। অপরদিকে ছিনতাই ঘটনা ও পলাশ হত্যা বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচিত হয় এ বিমানবন্দর।

চট্টগ্রাম বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সরওয়ার ই জামান বলেন, চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ের শক্তি বৃদ্ধির জন্য ৪৭২ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যেটির ওয়ার্কঅর্ডার হয়ে গেছে। আমাদের কার্গো বিমান হ্যান্ডলিংয়ের সক্ষমতা রয়েছে। রয়েছে কার্গো হাউস।

তিনি বলেন, অন্য যে কোনো দেশ আমাদের বিমানবন্দর ব্যবহার করলে আমাদের বিমানবন্দরের আয় বৃদ্ধি পাবে। মানুষের কর্মসংস্থান বাড়বে।

তিনি বলেন, বিমান বন্দরের সক্ষমতা বৃদ্ধির বিষয়টি সরকার অবশ্যই বিবেচনা করবে।

প্রসঙ্গত, পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল এবং ভুটানকে বাংলাদেশের দুটি বিমানবন্দর ব্যবহার করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে রয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সৈয়দপুর বিমানবন্দর ।

Comments (0)
Add Comment