আগামীকাল শুক্রবার তারা বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির সঙ্গে তদন্তে নামবেন বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তা মানিক মেহেদী।
বৃহস্পতিবার বিকেলে সিআইডির এএসপি মানিক মেহেদী বলেন, ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সহায়তা চাওয়া হয়। তারাও ঘটনা তদন্তে আগ্রহ দেখায়। এ কারণে তাদের একটি দল এখানে আসছে। শুক্রবার সকালের দিকে তারা ঢাকায় পৌঁছাবে। এই দলের সদস্য সংখ্যা ৩ থেকে ৫ জনের হতে পারে। এরা এদেশের এফবিআই’র অফিসের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রাখবে।
সাইবার চুরির ঘটনার বেশ কয়েকটির তদন্ত করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির কোম্পানি ফায়ারআই। বাংলাদেশ ব্যাংকের পরামর্শক ওয়ার্ল্ড ইনফরমেটিক্সই অর্থ লোপাটের তদন্তে ফায়ারআইকে সম্পৃক্ত করতে পরামর্শ দিয়েছে ভুক্তভোগী দেশগুলোকে। বাংলাদেশ ব্যাংকও তাদের কাছে পরামর্শ চেয়েছে।
সম্প্রতি নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০ কোটি ১০ লাখ ডলার বা প্রায় ৮০০ কোটি টাকা চুরি হয়। এর মধ্যে ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের আরবিসি ব্যাংকের একটি শাখার পাঁচটি অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়। সেই অ্যাকাউন্ট থেকে অর্থ তুলে নেয় দুর্বৃত্তরা। ২ কোটি ডলার স্থানান্তরিত হয় শ্রীলঙ্কার ব্যাংকে। এই টাকার প্রায় পুরোটাই উদ্ধার করা সম্ভব হয়েছে।