চট্টগ্রামেই হবে কানেকটিং ফ্লাইটের যাত্রীদের ইমিগ্রেশন

চট্টগ্রামেই হবে কানেকটিং ফ্লাইটের যাত্রীদের ইমিগ্রেশন।

চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়ে যেসব যাত্রী আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে যান, তাঁদের ইমিগ্রেশন চট্টগ্রাম বিমানবন্দরেই সম্পন্ন হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইমিগ্রেশন বিভাগ ইতোমধ্যে এই সিদ্ধান্তে পৌঁছেছে। খুব শিগগিরই এই পদ্ধতি চালু হবে।

নতুন সিদ্ধান্ত কার্যকর হলে একজন যাত্রী চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন সম্পন্ন করে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত ফ্লাইটে দেশের বাইরে যেতে পারবেন। এতে যাত্রীরা চট্টগ্রামেই বোর্ডিং কার্ড নিয়ে, কাউন্টারে লাগেজ বুুঝিয়ে দিয়ে সরাসরি বিদেশের গন্তব্য থেকেই সংগ্রহ করতে পারবেন। এতে সময়ক্ষেপণ হবে না, বাড়তি ভোগান্তিতে পড়তে হবে না।

উল্লেখ্য, চট্টগ্রাম থেকে যেসব আন্তর্জাতিক যাত্রী সরাসরি বিশ্বের বিভিন্ন গন্তব্যে যাত্রা করেন; তাঁদের ইমিগ্রেশন চট্টগ্রাম বিমানবন্দরে সম্পন্ন হয়ে থাকে। তবে কানেকটিং ফ্লাইট বা ঢাকা হয়ে যাঁরা যাত্রা করেন তাঁদের ইমিগ্রেশন এখন পর্যন্ত ঢাকায় গিয়ে করতে হচ্ছে।

কবে নাগাদ নতুন সেবা চালু হবে জানতে চাইলে বাংলাদেশ বিমানের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক নাজমুল হাসান বলেন, ‘গত সপ্তাহে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইমিগ্রেশন বিভাগ নতুন সেবা চালুর বিষয়ে একমত হয়েছি। চালুর দিনক্ষণ ঠিক হয়নি। আশা করছি খুব শিগগিরই চালু হবে।’

তিনি আরো বলেন, ‘নতুন উদ্যোগ চালু হলে চট্টগ্রাম থেকে যেকোনো যাত্রী ঢাকা হয়ে আন্তর্জাতিক গন্তব্যে পৌঁছার সহজ সুবিধা পাবেন। আমরা উদ্যোগ নিয়েছি সার্কুলার আসলে নিশ্চয়ই অন্য বিমান সংস্থাগুলো এর সুবিধা পাবে।’

জানা গেছে, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্য, ভারতসহ অনেক গন্তব্যে দেশি-বিদেশি বিমান সংস্থা ফ্লাইট পরিচালনা করে থাকে। কিন্তু অনেক ফ্লাইট যেমন ব্যাংকক, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীনসহ নানা গন্তব্যে যেতে হলে যাত্রীকে প্রথমে ঢাকায় যেতে হবে। সেখানে কানেকটিং বা আরেকটি বিমান সংস্থায় যাত্রা করতে হবে।

নিয়মিত বিদেশভ্রমণকারী জুনিয়র চেম্বারের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন বলেন, ‘চট্টগ্রাম থেকে সরাসরি সিঙ্গাপুর যাওয়ার সুযোগ নেই; গেলে ঢাকা হয়েই যেতে হবে। তখন আমাকে সব লাগেজ নিয়ে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রথমে ঢাকায় যেতে হবে; এরপর আন্তর্জাতিক টার্মিনালে নির্ধারিত কাউন্টারে গিয়ে চেক ইন করে বোর্ডিং পাস এবং পরে ইমিগ্রেশন সম্পন্ন করতে হবে। এখন আমি যদি ইউএস বাংলা বা রিজেন্টের ফ্লাইটে সিঙ্গাপুর যেতে চাই তাহলে সবকিছু চট্টগ্রামেই সম্পন্ন হয়ে যাবে। ফ্লাইট মিস করার ঝুঁকিও থাকবে না, এটা ভালো উদ্যোগ।’

বর্তমানে চট্টগ্রাম থেকে দেশি বিমান সংস্থার মধ্যে রিজেন্ট এয়ার, ইউএস বাংলা ও বাংলাদেশ বিমান। আর বিদেশি বিমান সংস্থার মধ্যে ফ্লাই দুবাই, এয়ার এরাবিয়া ও সালাম এয়ার আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৩ সালে এই ধরনের উদ্যোগ চালু করা হয়েছিল, পরে সেটি বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম ও সিলেট থেকে ইমিগ্রেশন শেষ করে কানেকটিং ফ্লাইটের যাত্রীদের জিএমজি এয়ারলাইনসের মাধ্যমে আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে নেওয়া হত। অনেকদিন পর এসে সেই উদ্যোগ আবার চালু করা হচ্ছে।

জানতে চাইলে রিজেন্ট এয়ারের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সালমান হাবিব বলেন, ‘এটা অবশ্যই ভালো উদ্যোগ। দেশের সব বিমানসংস্থা এই উদ্যোগ কার্যকর করলে যাত্রীরাই উপকৃত হবেন। তাদের সময় সাশ্রয় হবে, অনেক ভোগান্তি কমবে। চট্টগ্রাম থেকে একজন যাত্রী আরও সহজে ঢাকা হয়ে আন্তর্জাতিক গন্তব্যে যেতে পারবেন।’

Comments (0)
Add Comment