শাহ আমানত বিমানবন্দরে নামেনি ৩ আন্তর্জাতিক ফ্লাইট

শাহ আমানত বিমানবন্দরে নামেনি ৩ আন্তর্জাতিক ফ্লাইট।

ঘন কুয়াশার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। আজ সোমবার সকালে ফ্লাইটগুলো চট্টগ্রামে নামতে না পেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যায়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকাল ৭টায় দোহা থেকে আসা রিজেন্ট এয়ারলাইন্সের ফ্লাইটটি চট্টগ্রামে ঘন কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি। পরে সেটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যায়।

সকাল ৮টা ২২ মিনিটে দোহা থেকে আসা ইউএস বাংলার ফ্লাইটও নামতে পারেনি। এ ছাড়া ৮টা ২৬ মিনিটে মাসকাট থেকে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেন। সেটিও নামতে পারেনি। পরে এই বিমান দুটি ঢাকা চলে যায়।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই জামান  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুয়াশার কারণে বিমান অবতরণের সমস্যা হচ্ছিল। তবে সকাল ৯টার পর থেকে এখন সব স্বাভাবিক।

Comments (0)
Add Comment