২০১৯ সালে ৫ কোটি ৮০ লাখ যাত্রী পরিবহন করেছে এমিরেটস এয়ারলাইন্স

এমিরেটস এয়ারলাইন সদ্য সমাপ্ত ২০১৯ সালে তার বিশ্বব্যাপী নেটওয়ার্কে প্রায় ৫ কোটি ৮০ লক্ষ যাত্রী পরিবহন করেছে। এসময় এয়ারলাইনটি প্রতি সপ্তাহে গড়ে ৩ হাজার ৫০০টির অধিক এবং সর্বমোট ১ লক্ষ ৮৬ হাজার ফ্লাইট পরিচালনা করে।

চলতি ২০২০ সালে এমিরেটস তাদের সামগ্রিক পরিচালনা, বাণিজ্যিক কার্যক্রম, গ্রাহককেন্দ্রিক সেবা এবং অক্টোবরে দুবাইয়ে শুরু হতে যাওয়া বিশ্বের অন্যতম বৃহত্তম প্রদর্শনী এক্সপো ২০২০ এর ওপর বিশেষভাবে মনোনিবেশ করে তাদের ব্যবসাকে আরও সুদৃঢ় করার পরিকল্পনা করছে। এ বছর এমিরেটসের পরিকল্পনা বিষয়ে মন্তব্য করে এয়ারলাইনটির প্রেসিডেন্ট টিম ক্লার্ক জানান, ২০২০ সালে অধিকতর কানেকটিভিটি এবং গ্রাহকদের জন্য আরও ভ্যালু এডিশনের স্বার্থে আমরা আমাদের পার্টনাশিপগুলো কাজে লাগানোর প্রচেষ্টা অব্যাহত রাখবো। এক্সপো ২০২০ এ সারাবিশ্ব থেকে আগত যাত্রীদের দুবাইয়ে স্বাগত জানানো অপেক্ষায় রয়েছি। আমরা এই প্রদর্শনীতে আমাদের এমিরেটস প্যাভিলিয়নে ভবিষ্যতের এভিয়েশন সম্পর্কে ধারণা পাবেন ভিজিটররা।

২০১৯ সালে এমিরেটস নেটওয়ার্কে নতুন ৩টি গন্তব্য যোগ হওয়ার ফলে বর্তমানে মোট গন্তব্যের সংখ্যা দাড়িয়েছে ১৫৯টি। ১২টি গন্তব্যে এমিরেটস পরিবহন ক্ষমতা ও ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করেছে।

গ্রাহকদের সুবিধার্থে কানেকটিভিটি বৃদ্ধির লক্ষ্যে এমিরেটস তার পার্টনারশিপ আরও বিস্তৃত করেছে। ২০১৯ সালের শেষে ২০০টি দেশে এমিরেটসের কোড শেয়ার পার্টনার ছিল ২৬টি এবং ইন্টারলাইন পার্টনার ১৫৬টি। এর ফলে এমিরেটসের নেটওয়ার্ক ১ হাজার ৮০০টির অধিক গন্তব্যে বিস্তৃতি লাভ করেছে। ২০১৯ সালে চায়না সাউদার্ন এয়ারলাইন্স, আফ্রিকা ওয়ার্ল্ড এয়ারলাইন্স, লাটাম এয়ারলাইন্স, স্পাইসজেট এবং ইন্টারজেটের সঙ্গে পার্টনারশিপ করেছে এমিরেটস।

দুবাইয়ার শো ২০১৯ এ এমিরেটস ৫০টি এ-৩৫০-৯০০ এক্সডব্লিউবি উড়োজাহাজের অর্ডার এবং ৩০টি বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের জন্য ফুল পারচেজ চুক্তি স্বাক্ষর করেছে।

পণ্য ও সেবা উন্নয়নে এমিরেটস তার বিনিয়োগ অব্যাহত রেখেছে। ১০টি বোয়িং ৭৭৭-২০০ এলআর উড়োজাহাজের আধুনিকিকরণে ব্যয় করেছে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার। ইনফ্লাইট কানেকটিভিটির জন্য বিনিয়োগ করেছে ২৭ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও ইনফ্লাইট বিনোদন ব্যবস্থা- আইসের সমৃদ্ধকরণেও ব্যাপক বিনিয়োগ করা হয়েছে। দুবাই থেকে যুক্তরাষ্ট্রের ১২টি গন্তব্যে ভ্রমণকারী যাত্রীদের জন্য দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন গেটগুলোতে বায়োমেট্রিক এবং ফেসিয়াল রিকগনিশন পদ্ধতি প্রবর্তন করা হয়েছে।

এমিরেটস অ্যাপটি বর্তমানে বিশ্বের অন্যতম এয়ারলাইন অ্যাপ হিসেবে নিজের স্থান করে নিয়েছে। ১৯টি ভাষায় প্রাপ্ত এই অ্যাপটির বর্তমানে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২০ লক্ষ। অ্যাপটির মাধ্যমে যাত্রীরা ফ্লাইট অনুসন্ধান, বুকিং এবং ব্যবস্থাপনা করতে পারেন। সম্প্রতি অ্যাপটিতে যুক্ত হয়েছে এয়ারপোর্ট ম্যাপ যার মাধ্যমে যাত্রীরা সহজেই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় স্থানগুলো খুঁজে পেতে পারেন।

Comments (0)
Add Comment