শাহজালাল বিমানবন্দরে ইনসট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম উন্নত করার উদ্যোগ

শাহজালাল বিমানবন্দরে ইনসট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম উন্নত করার উদ্যোগ।

ঘন কুয়াশা এবং ঝড়ো আবহাওয়ায় কম ভিজিবিলিটিতেও সহজেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের বিষয়ে উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এজন্য বিমানবন্দরের ইনসট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে। এতে ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়ায় উড়োজাহাজ চলাচলে সমস্যা দূর হওয়ার পাশাপাশি ফ্লাইট শিডিউলে বিপর্যয় কমে আসবে।

বেবিচক সূত্রে জানা গেছে, আইএলএস উন্নীত করা হলে ঘন কুয়াশা বা ঝড়ো আবহাওয়ায় কম ভিজিবিলিটিতেও এ বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণ করতে পারবে। ফলে সেবার মান বাড়বে এবং অনেকাংশে যাত্রী সেবা উন্নত হবে। বিমানবন্দরে অবতরণের জন্য পাইলটরা খালি চোখে রানওয়ে না দেখলেও নিরাপদে অবতরণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, কম ভিজিবিলিটিতেও পাইলট যেন ফ্লাইট নিয়ে অবতরণ করতে পারেন, এজন্য বিশ্বজুড়ে বিমানবন্দরগুলোতে ইনসট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ব্যবহার হয়। খালি চোখে স্পষ্ট করে রানওয়ে দেখা না গেলে আইএলএসের ব্যবহার করে বেতার তরঙ্গের মাধ্যমে পাইলট রানওয়ের অবস্থান সহজেই শনাক্ত করতে পারেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে যে ইনসট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম আছে সেটি হচ্ছে ক্যাটাগরি-১ এর। কিন্তু কোনো কারণে বিদ্যুৎ না থাকলে জেনারেটর চালু করে ক্যাটাগরি-১ এর আইএলএস কার্যকর করতে ৮ সেকেন্ড সময় লাগে। ফলে পাইলটরা এ আইএলএসের সহায়তা নিলেও এ ব্যবস্থার ওপরে পুরোপুরি নির্ভর করতে পারছেন না। কারণ, দ্রুত গতিতে আসা উড়োজাহাজ ৮ সেকেন্ড আইএলএস ছাড়া কম ভিজিবিলিটিতে অবতরণ করলে দুর্ঘটনার শঙ্কা থাকে।

তবে ক্যাটাগরি-২ এর আইএলএস চালু করলে পাইলটকে এ ধরনের কোনো সংকটে পড়তে হবে না বলে মনে করছে বিমান বন্দর কর্তৃপক্ষ।

নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঘন কুয়াশা বেশি থাকায় ভিজিবিলিটি কমে যায় প্রতিবছর। এ বছরও এর ব্যতিক্রম ঘটেনি। ফলে উড়োজাহাজ অবতরণ করতে সমস্যা হয়।

জানতে চাইলে এ বিষয়ে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে ৫০০ মিটারের নিচে ভিজিবিলিটি নেমে এলে উড়োজাহাজ অবতরণ করতে পারে না। এতে পাইলটরা ভোগান্তিতে পড়েন। এ সমস্যা সমাধানের জন্য আইএলএস আপগ্রেড করার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। একইসঙ্গে লাইটিং সিস্টেম আপগ্রেড করা হবে। বর্তমানে আমাদের আইএলএস ক্যাটাগরি-১ এর। এখন ক্যাটাগরি-২ এ উন্নীত করা হবে।’

Comments (0)
Add Comment