শাহ আমানত বিমানবন্দরে অবৈধ সিগারেট জব্দ

শাহ আমানত বিমানবন্দরে অবৈধ সিগারেট জব্দ।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৮১ কার্টন অবৈধ সিগারেট, তিনটি মোবাইল সেট ও একটি আইপ্যাড জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে বিমানবন্দরে কাস্টমসের টিম ধরতে না পারলেও দায়িত্বরত জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) টিম এসব অবৈধ পণ্য জব্দ করে। যাত্রী কামাল উদ্দিনের বাড়ি চট্টগ্রামের রাউজানে।

এনএসআই টিমের এক কর্মকর্তা বিষয়টি স্বীকার করলেও গণমাধ্যমে বক্তব্য দিতে রাজি হননি।

জানা গেছে, দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ কামাল উদ্দিনের লাগেজে ১৩২ কার্টন বিদেশি ইজি লাইট ও ৪৯ কার্টন বিদেশি ডানহিল ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়। এ ছাড়া ৩টি মোবাইল ও একটি আইপ্যাডও পাওয়া যায় তার কাছে। প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য ২ হাজার টাকা।

উল্লেখ্য, সিগারেট আমদানি করতে হলে সিগারেটের প্যাকেটে বাংলায় সতর্কীকরণ লেখা থাকতে হয় এবং বিএসটিআই অনুমোদন নিয়ে সিল দেওয়া বাধ্যতামূলক।  এর ব্যতিক্রম হলে সেগুলো অবৈধ। এসব সিগারেটের গায়ে এসব কিছুই না থাকায় সেগুলো অবৈধ হিসেবে আটক এবং জব্দ করা হয়। আটক পণ্যসামগ্রী কাস্টম আইন অনুযায়ী বিমানবন্দর কাস্টমস্-এর কাছে হস্তান্তর করেছে এনএসআই টিম।

Comments (0)
Add Comment