ইরান-ইরাকের আকাশপথে উড়ছে না বিদেশি বিমান

ইরান-ইরাকের আকাশপথে উড়ছে না বিদেশি বিমান।

ইরান-যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের যাত্রীবাহী সব ধরনের বিমান এড়িয়ে চলছে ইরান ও তার প্রতিবেশী ইরাকের আকাশসীমা। গতকাল বুধবার যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, তাইওয়ান, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের বেসামরিক ফ্লাইট পরিচালনাকারী কর্তৃপক্ষ পৃথক বিবৃতিতে তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। বুধবার ইরাকে যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর দেশগুলো এ সিদ্ধান্ত নিল। হামলায় যুক্তরাষ্ট্রের ৮০ সেনা নিহত হয়েছেন বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়। খবর এএফপি, বিবিসি, রয়টার্স ও এপির।

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা জোরদার এবং রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের বেসামরিক উড়োজাহাজ চলাচলে ঝুঁকি থাকায় এ নির্দেশ দেওয়া হয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইন্স, তাইওয়ানের ইভা এয়ার, মালয়েশিয়া এয়ারলাইন্সসহ বিভিন্ন উড়োজাহাজ সংস্থা বুধবার পৃথক বিবৃতিতে জানায়, তারা ইরাক ও ইরানের আকাশসীমা এড়িয়ে চলছে।

কোরিয়ান এয়ারলাইন্স ও থাই এয়ারওয়েজ জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র বাহিনীর ওপর ইরানের হামলার আগে থেকেই ইরাক ও ইরানের আকাশসীমা এড়িয়ে চলছে। ট্রান্সপোর্ট কানাডা জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে তারা এফএএর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। এয়ার কানাডার ফ্লাইটগুলোও ঘুরপথে গন্তব্যে যাচ্ছে। এ নিয়ে বৈঠক করেছে ভারতের বিমান পরিবহন কর্তৃপক্ষও।

Comments (0)
Add Comment