শাহ আমানত বিমানবন্দরে বিমানের ফ্লাইটে মিলল ৫২ স্বর্ণবার।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পরিত্যক্ত অবস্থায় মিলল ৫২টি স্বর্ণবার। প্রায় সাত কেজি ওজনের স্বর্ণবারগুলোর মূল্য সাড়ে তিন কোটি টাকারও বেশি।
রোববার (১৯ জানুয়ারি) সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-১৪৮) ফ্লাইটে তল্লাশি করে স্বর্ণবারগুলো পাওয়া যায়।
বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের উপকমিশনার মো. রিয়াদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে ৫২টি স্বর্ণের বার পাওয়া গেছে। উদ্ধার স্বর্ণবারের ওজন ছয় দশমিক ৮৪ কেজি। মূল্য প্রায় তিন কোটি ৬০ লাখ টাকা।
তিনি আরও জানান, এ ঘটনায় কাস্টমস আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।