চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে মারা গেছে ১৩৬ জন। সব মিলিয়ে গোটা বিশ্বে এ ভাইরাসে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। খবর আলজাজিরা ও বিবিসির।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩৬ জনের মধ্যে ১৩২ জনই হুবেই প্রদেশের।এছাড়া চীনের বাইরে হংকং, ফিলিপাইন, তাইওয়ান, জাপান ও ফ্রান্সে ১ জন করে মোট ৫ জন মারা গেছে। এরই মধ্যে গোটা বিশ্বে প্রাণঘাতী করোনা ভাইরাসে মারা গেছে ২ হাজার ৯ জন।

চীনের হুবেই প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, হুবেই প্রদেশে নতুন করে ১ হাজার ৬৯৩ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে উহানেই ১ হাজার ৬০০ জন আক্রান্ত হয়েছে।এ নিয়ে প্রদেশটিতে আক্রান্তের সংখ্যা ৬১ হাজার ৬৮২ জন।করোনা ভাইরাসে চীনে আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ১৮৫ জন এবং চীনের বাইরে ১ হাজার ২ জন। সবমিলিয়ে পুরো বিশ্বে আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ১৮৭ জনে দাঁড়িয়েছে।

গতকাল মঙ্গলবার ১ হাজার ৮২৪ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।এ পর্যন্ত ১৪ হাজার ৪৪৮ জন সুস্থ হয়েছে। হুবেইয়ে হাসপাতাল থেকে এ পর্যন্ত  ৯ হাজার ১০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চীনের সবগুলো প্রদেশসহ বিশ্বের ৩০টি দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চীনের বাইরে এ পর্যন্ত ১ হাজার ২ জন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে জাপানেই ৬১৪ জন।

বিশ্বে যেসব দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে- চীন- ৭৪ হাজার ১৮৫ জন, জাপান- ৬১৪ জন, সিঙ্গাপুর- ৮১ জন, হংকং- ৬২ জন, দক্ষিণ কোরিয়া- ৪৬ জন, থাইল্যান্ড- ৩৫ জন, তাইওয়ান- ২২ জন, মালয়েশিয়া- ২২ জন, জার্মানি- ১৬ জন, ভিয়েতনাম- ১৬ জন, অস্ট্রেলিয়া- ১৫ জন, যুক্তরাষ্ট্র- ১৫ জন, ফ্রান্স- ১২ জন আক্রান্ত, ম্যাকাও- ১০ জন, সংযুক্ত আরব আমিরাত- ৯ জন, যুক্তরাজ্য- ৯ জন, কানাডা- ৮ জন, ফিলিপাইন- ৩ জন আক্রান্ত, ভারত- ৩ জন, ইটালি- ৩ জন, রাশিয়া- ২ জন, স্পেন- ২ জন, বেলজিয়াম- ১ জন, কম্বোডিয়া- ১ জন, মিশর- ১ জন, ফিনল্যান্ড- ১ জন, নেপাল- ১ জন, শ্রীলঙ্কা- ১ জন, সুইডেন- ১ জন।

ভাইরাসটি যাতে ছড়িয়ে না যায়, সেজন্য চীন হুবেই প্রদেশকে পুরো দেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। সব ধরনের যোগাযোগও বন্ধ রয়েছে।

বুধবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের সহকারী পরিচালক জেং ইজিন জানান, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এরইমধ্যে ৬ জন স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন। এছাড়া ৩ হাজার স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। যা ভাইরাসটিতে মোট আক্রান্ত রোগীদের ৩ দশমিক ৮ শতাংশ। এর মধ্যে হুবেই প্রদেশে রয়েছে ২ হাজার ৫০২ জন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ এর পরিচালক অ্যান্থনি ফসি জানান, জাপানের ইয়োকোহামা বন্দরে অবরুদ্ধ প্রমোদতরীর ৪০ মার্কিন নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।যুক্তরাষ্ট্র তার ৩শ’র মতো নাগরিককে ওই জাহাজ থেকে সরিয়ে নিয়েছে। সোমবার তাদেরকে টেক্সাসের সান অ্যান্টোনিও সামরিক ঘাঁটিতে নিয়ে রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন দেশের আরও ৫শ’ যাত্রীর শরীরে ভাইরাস না পাওয়ায় বুধবার তারা জাহাজ থেকে ছাড়া পাবেন।

জাহাটিতে নতুন করে ৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে অবরুদ্ধ (কোয়ারেন্টাইন) জাহাজটিতে এক কর্মকর্তাসহ আক্রান্ত বেড়ে ৫৪২ জন হয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানিয়েছেন।

৩ হাজার ৭০০ আরোহী নিয়ে প্রমোদতরীটি গত ৩ ফেব্রুয়ারি ইয়োকোহামায় নোঙ্গর করা হয়। হংকং থেকে উঠা এক যাত্রীর মাধ্যমে জাহাজটিতে এ ভাইরাস ছড়িয়ে পড়ে।

Comments (0)
Add Comment