যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বিয়ার কোম্পানির কারখানায় ৬ জন নিহত।

যুক্তরাষ্ট্রে মিলওয়াকি শহরের একটি বিয়ার কোম্পানির কারখানায় বন্দুকধারীর গুলিতে কারখানাটির পাঁচ কর্মচারী নিহত হয়েছেন।বন্দুকধারীকেও গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া গেছে।

বুধবার উইসকনসিন অঙ্গরাজ্যের বৃহত্তম শহরটির মলসন কুজ বেভারজে কোম্পানির কারখানায় এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাতে জানিয়েছে, বার্তা সংস্থা রয়টার্স।

হামলাকারী নিজ অস্ত্রের গুলিতে আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা। এ ঘটনায় অন্য আর কেউ আহত হননি।

বিশাল এলাকা নিয়ে গড়ে ওঠা কারখানাটির ২০টি ভবনে এক হাজারেরও বেশি শ্রমিক কাজ করছিল।শহরের কেন্দ্রস্থলের পশ্চিম দিকে অবস্থিত এই কারখানাটি স্থানীয়ভাবে ‘মিলার ব্রুয়েরি’ নামে পরিচিত।‘মিলার বিয়ার’ কোম্পানিটির অন্যতম শীর্ষস্থানীয় ব্রান্ড।স্থানীয় সময় দুপুর ২টায় ঘটনার শুরু,  রক্তপাতের ঘটনাটি মলসন কুজ কমপ্লেক্সের ভিতরেই সীমাবদ্ধ ছিল এবং এ ঘটনায় বাইরের কেউ জড়িত ছিল না বলে জানিয়েছেন মিলওয়াকি শহরের পুলিশ প্রধান।।

গোলাগুলির ঘটনার কয়েক ঘণ্টা পর এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান আলফোন্সো মোরালেস বলেন, “আর কোনো হুমকি নেই, রাতজুড়েও তদন্ত অব্যাহত রাখবো আমরা।”

মৃত বন্দুকধারী একাই হামলাটি চালিয়েছে, এমনটি বিশ্বাস করা হচ্ছে বলে মোরালেস জানিয়েছেন। ঘটনার কয়েক ঘণ্টা পরও আইনপ্রয়োগকারী কর্মকর্তারা কারখানাটির ভবনগুলোতে তল্লাশি চালিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছিলেন।

হামলাকারীকে মিলওয়াকি শহরের ৫১ বছর বয়সী এক বাসিন্দা বলে বর্ণনা করা হয়েছে। ঘটনাটি কীভাবে শুরু হয়েছিল, কোন পরিস্থিতিতে হামলাকারী গুলি শুরু করেছিল, কর্তৃপক্ষ এসব বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

হোয়াইট হাউসে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে সংবাদ সম্মেলন চলাকালে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ গুলিবর্ষণের কথা স্বীকার করে হামলাকারী বন্দুকধারীকে ‘নীতিহীন খুনি’ অভিহিত করে এ সহিংসতাকে ‘ভয়ানক ঘটনা’ বলে বর্ণনা করেছেন।

Comments (0)
Add Comment