আফগানিস্তান থেকে ১০ দিন পর শুরু হবে মার্কিন সেনা প্রত্যাহার।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর কমান্ডারকে সেনা প্রত্যাহারের প্রাথমিক কাজ শুরু করারও নির্দেশ দিয়েছেন।তালেবানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে আগামী ১০ দিন পর আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কাজ শুরু হবে। খবর রয়টার্সের।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেন, আমেরিকা প্রথমে আফগানিস্তানে মোতায়েন সেনা সংখ্যা ৮ হাজার ৬০০ জনে নামিয়ে আনবে। এর পর আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিশেষ করে তালেবানের পক্ষ থেকে কোনো সহিংসতা হয় কিনা তা দেখার পর বাকি সেনা প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ওয়াশিংটন।

গত শনিবার প্রায় এক বছরের আলোচনা শেষে, কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত শান্তিচুক্তিতে আমেরিকার পক্ষে সই করেন বিশেষ মার্কিন প্রতিনিধি জালমাই খালিলজাদ ও তালেবানের অন্যতম উপপ্রধান মোল্লা গনি বারাদার।

Comments (0)
Add Comment