করোনায় ভাড়া কমার সুযোগে বিমানে বিভিন্ন দেশে ঘুরছে অনেক তরুণ।

করোনা আতঙ্কে বিশ্বব্যাপী একের পর এক বিমানের ফ্লাইট বাতিল হচ্ছে। বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধের হিড়িক পড়েছে। অনেক যাত্রী তাদের বুকিং বাতিল করে দিচ্ছে। তবে এর ভিন্ন ঘটনাও রয়েছে। বিশেষ করে তরুণরা বিমানের টিকিট বুকিং দিচ্ছে।

২০ বছর বয়সী অ্যাশলে হেঙ্কেল নর্থ অ্যামেরিকা যাওয়ার জন্য তিনটি টিকিট নিয়েছেন।ক্যালিফোর্নিয়ার এই তরুণী  বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবেন।আগে থেকেই এই গ্রীষ্মে ঘুরে দেখার ইচ্ছা ছিল এই তরুণীর। তবে খরচের কথা ভেবে সাহস পাচ্ছিলেন না। করোনাভাইরাসের কারণে বিমানে যাতায়াত খরচ কমে যাওয়ায় সুযোগটি নিয়েছেন তিনি। করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার ব্যাপারে তার যথেষ্ট ধারণা আছে। তার পরেও কম খরচে ঘুরতে যাওয়ার সুযোগ হাতছাড়া করতে চান না।

বিমানে যাতায়াত বড় ধরনের ঝুঁকির মধ্যে। কিন্তু হ্যাঙ্কেল বলেন, করোনাভাইরাস যদি আরো খারাপ রূপ নেয় এবং মানুষ নিশ্চিহ্ন হতে থাকে; তার পরেও আমি জীবন উপভোগ করা থেকে বিরত থাকবো না।

তিনি বলেন, বাড়িতে থাকতে থাকতে একঘেঁয়েমি লাগছে। সে কারণে কিছুটা বিনোদন দরকার। আর সেজন্য কোনো ধরনের ভীতি কাজ করছে না।

তবে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলছে, ৬০ বছরের বেশি বয়স্কদের বাড়িতে থাকা উচিত। এমনকি যারা অসুস্থ, তাদেরও বাড়িতে থাকা দরকার। তরুণরা চাইলে বাইরে বের হতে পারবে।

এদিকে গুগল এবং ওয়ালমার্টের মতো প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের নির্দেশনা দিয়েছে, যেন অপ্রয়োজনে ভ্রমণ না করা হয়। বড় ধরনের জমায়েত পর্যন্ত এড়িয়ে যেতে বলা হয়েছে। করোনার জেরে বিশ্বব্যাপী বিমান খাতে ক্ষতি হয়েছে ৬৩ থেকে ১১৩ বিলিয়ন ডলার।

Comments (0)
Add Comment