করোনা আক্রান্ত রোগী বিমানে, ২৭০ যাত্রীকেই নামানো হল বিমানবন্দরে

ভারতের কেরলের কোচি বিমানবন্দর থেকে ২৭০ জন যাত্রীকে নিয়ে দুবাই উড়ে যাওয়ার জন্য তৈরি ছিল এমিরেটস এয়ারলাইন্সের এক বিমান। কিন্তু বিমান ছাড়ার আগেই জানা যায় ওই বিমানে করোনা আক্রান্ত এক ব্রিটিশ নাগরিক রয়েছেন। আর তারপরেই বিমানের ২৭০ জন যাত্রীকেই নামিয়ে দেওয়া হয়। তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। পরীক্ষা করেই তারপর তাদের ছাড়া হবে বলে জানানো হয়েছে।

জানা গিয়েছে, কয়েক দিন আগে ১৯ জনের একটা ব্রিটিশ দল কেরলে এসেছিল। তারা কেরলের মুন্নারে গিয়েছিল। সেখানে থাকাকালীনই তাঁদের মধ্যে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হন। তাঁকে রাখা হয়েছিল আইসোলেশনে। কিন্তু হঠাৎ করেই কাউকে না বলে তিনি আইসোলেশন থেকে বেরিয়ে কোচি বিমানবন্দরে এসে হাজির হন। দলটির দুবাই ফিরে যাওয়ার কথা ছিল। তাঁদের সঙ্গে ওই ব্যক্তিও যোগ দেন।

করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই ওই ব্রিটিশ নাগরিকের উপর নজর রাখা হয়েছিল। তিনি বিমানবন্দরে আসার পরে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে বিমান থেকে নামিয়ে আনা হয়।

বিমানবন্দর সূত্রে খবর, প্রথমে চিন্তাভাবনা করা হয়েছিল, ১৯ জনের ওই দলটিকে আইসোলেশনে নিয়ে যাওয়া হবে। কিন্তু তারপরে বিমানবন্দর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, বিমানের ২৭০ জনকেই নামিয়ে আনা হবে। তাঁদের প্রত্যেককে পরীক্ষা করে দেখা হবে। কারণ ওই ব্যক্তির সংস্পর্শে এসে কেউ করোনায় আক্রান্ত হয়েছেন কিনা তা পরীক্ষা করে দেখা হবে।

এখনও পর্যন্ত অবশ্য কেরল সরকারের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আগে পরীক্ষা করে তারপর সেই কথা সরকারকে জানাবে।

Comments (0)
Add Comment