সৌদি আরব থেকে আটকে পড়াদের আনতে বিমানের ‘ফেরি ফ্লাইট’

সৌদি আরবে বিমানের নিয়মিত ফ্লাইট বন্ধ হলেও দেশটিতে আটকে পড়া বাংলাদেশিদের জন্য একটি ‘ফেরি ফ্লাইট’ পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আগামী ১৭ মার্চ সকাল সাড়ে ৭টায় ফ্লাইটটি জেদ্দা থেকে রওনা হবে বলে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন।

তিনি বলেন, “আপাতত বিমান সৌদি আরবে আর কোনো ফ্লাইট পরিচালনা করবে না। জেদ্দা ও মদিনা থেকে দেশে আসতে চাওয়া যাত্রীদের ওই ফ্লাইটে আসার অনুরোধ করা হল।”

নভেল করোনাভাইরাসের ফলে ‍সৃষ্ট রোগ বৈশ্বিক মহামারী রূপ নেওয়ায় বিশ্বজুড়ে বিমান চলাচল সীমিত হয়ে পড়েছে। সৌদি আরবও দুই সপ্তাহের জন্য আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে।

ফলে বাংলাদেশ থেকেও সৌদি আরবে বিমান চলাচল এখন বন্ধ। কিন্তু ওমরাহ পালনে যারা গেছেন, মূলত তাদের আনতেই বিমানের বিশেষ এই ফ্লাইট চালানোর উদ্যোগ।

অর্থাৎ এই ফ্লাইট কোনো যাত্রী নিয়ে যাবে না, খালি গিয়ে শুধু নির্দিষ্ট স্থান থেকে যাত্রী নিয়ে আসবে।

Comments (0)
Add Comment