বিশ্বব্যাপী কোভিড-১৯ পরিস্থিতির কারনে সাময়িকভাবে স্থগিত করার পর বিশেষ কিছু ফ্লাইটে যাত্রী পরিবহণের অনুমতি পেয়েছে এমিরেটস। আগামী সোমবার ৬ এপ্রিল থেকে প্রথম ফ্লাইটগুলো দুবাই থেকে লন্ডন হিথ্রো, ফ্রাংকফুর্ট, প্যারিস, ব্রাসেলস ও জুরিখে যাত্রী পরিবহন করবে। লন্ডন হিথ্রোতে সপ্তাহে ৪ টি এবং অন্যান্য গন্তব্যে ৩ টি করে ফ্লাইট পরিচালিত হবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরের ২ নং টার্মিনাল থেকে এই ফ্লাইট গুলো শুধুমাত্র বহির্গামী যাত্রী পরিবহন করবে। তবে এসব দেশ কতৃক আরোপিত নিষেধাজ্ঞা-শর্তাবলী পুরন করতে পারবেন এমন যাত্রীরাই এই ফ্লাইটগুলোতে ভ্রমণ করার সুযোগ পাবেন।
ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে বোয়িং ৭৭৭ -৩০০ ইআর উড়োজাহাজ। এগুলোর বেলি হোল্ডে উভয়দিকেই জরুরি পণ্য সহ অন্যান্য কার্গো পরিবহন করা হবে।
এমিরেটস এয়ারলাইন ও গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাইদ আল মাকতুম জানান, “এমিরেটস খুব শীগ্রই পূর্ণোদ্যমে ফ্লাইট শুরুর আশা করছে। ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল হলেই এটা সম্ভব হবে। সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অব্যাহতভাবে যোগাযোগ রাখছি।“
স্বাস্থ্য নিরাপত্তার খতিরে এমিরেটসের ইন-ফ্লাইট সেবা ও বেশ কিছু পদক্ষেপ গ্রহন করা হয়েছে। এছাড়া ফ্লাইট পরিচালনার পর দুবাইয়ে প্রতিটি উড়োজাহাজে বর্ধিত পরিছন্ন ও জীবাণুনাশক কার্যক্রম পরিচালিত হবে।