রেমিট্যান্স বেড়েছে ১১.৪৪ শতাংশ

চলতি অর্থবছরের (২০১৫-১৬) মার্চ মাসে ব্যাংকিং চ্যানেলের মধ্যমে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ১১ লাখ মার্কিন ডলারেরও বেশি। এ সময়ে রেমিট্যান্স আহরণের পরিমাণ ফেব্রুয়ারির তুলনায় ১১ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে। ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছিল ১১৩ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য ওঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারির চেয়ে ১১ দশমিক ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়ে মার্চে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ১১ লাখ মার্কিন ডলার। তবে রেমিট্যান্সের এ পরিমাণ আগের অর্থ-বছরের একই সময়ের তুলনায় ৫ কোটি ৭১ লাখ ডলার কম।

এদিকে চলতি অর্থবছরের ৯ মাসে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ১০৫ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ১২৫ কোটি ৮৩ লাখ ডলার। অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে আহরিত রেমিট্যান্সের পরিমাণ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ কোটি ৪৮ লাখ ডলার কম।

বরাবরের মতই রাষ্ট্রায়ত্ত, বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের তালিকায় রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ব্যাংকটির মাধ্যমে আলোচ্য সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ৩১ কোটি ৫৫ লাখ ডলার। এর পরের অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী, সোনালী ও জনতা ব্যাংকের অবস্থান। এ তিনটি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স আহরিত হয়েছে যথাক্রমে ১৪ কোটি ৭৪ লাখ, ১১ কোটি ৯৫ লাখ ও ১০ কোটি ৫৬ লাখ ডলার।

অন্যদিকে বিশেষায়িত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের মধুমতি ব্যাংক এবং বিদেশি হাবিব ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্থানের মাধ্যমে কোনো প্রকার রেমিট্যান্স আসেনি।

২০১২ সালের এপ্রিলে বৈদেশিক মুদ্রার আন্তঃপ্রবাহ, ট্রেজারি বন্ড ও সিকিউরিটিজে বিনিয়োগ বাড়ানোর শর্তে প্রবাসী উদ্যোক্তাদের আবেদনকৃত তিনটি ব্যাংকের অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। অনুমোদিত ব্যাংক তিনটির একটি হচ্ছে যুক্তরাজ্যভিত্তিক এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ও অপর দুটি হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক এনআরবি ব্যাংক ও এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড। তিন বছর পার হয়ে গেলেও ব্যাংক তিনটির মাধ্যমে রেমিট্যান্স আহরণের পরিমাণ যতসামান্যই। মার্চ মাসে এ তিন ব্যাংকের মাধ্যমে আহরিত রেমিট্যান্সের পরিমাণ ছিল যথাক্রমে ২ লাখ, ৫ লাখ ও ২ লাখ মার্কিন ডলার।

উল্লেখ্য, বর্তমানে ১৫৭টি দেশে ৮৫ লাখের বেশি বাংলাদেশি কর্মরত আছেন।

Comments (0)
Add Comment