করোনায় বাতিল টিকিটের টাকা ফেরাতে ভারতের বিমান সংস্থাগুলোকে নির্দেশ

ভারতে করোনা লকডাউনে বাতিল বিমান টিকিট, নগদ টাকা কেন ফেরত পাওয়া যাবে না? বিমান পরিষেবা সংস্থাগুলির নির্দেশ ঘিরে এমন প্রশ্নেই অভিযোগ জোরালো হচ্ছিল যাত্রীমহলে। বৃহস্পতিবার নির্দেশিকা জারি করে সেই জটিলতার অবসান করল ভারতের কেন্দ্রীয় বেসমারিক বিমান পরিবহণমন্ত্রক।

করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় লকডাউনের জেরে বাতিল হয়েছে সমস্ত রকমের বিমানের টিকিট। এমন পরিস্থিতিতে বিমান সংস্থাগুলি জানিয়ে দিয়েছে, টিকিটের দাম ফেরত দেওয়া হবে না। ভবিষ্যতে ভ্রমণ করতে চাইলে যাত্রীরা রি-শিডিউলের সুবিধা পাবেন। কিন্তু তা মানতে নারাজ যাত্রীরা। বিষয়টির দিকে নজর রেখে এ দিনই অসামরিক বিমান পরিবহণমন্ত্রক জানায়, এ ব্যাপারে নির্দিষ্ট একটি নির্দেশিকা প্রকাশ করা হবে।

বিকেল একটি বিজ্ঞপ্তি জারি করে মন্ত্রক জানিয়ে দেয়, বিমানের টিকিট বুকিংয়ের সমস্ত টাকা ফেরত দিতে হবে সংস্থাগুলিকে। ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বুকিং থাকলে, সেই টাকা বাতিল করার আবেদন জানানোর তিন সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে। এর জন্য কোনো রকমের চার্জ কাটা যাবে না।
তবে গত ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত প্রথমার্ধের লকডাউনের সময়কালে কাটা টিকিটের দাম ফেরতের কথা বলা হলেও দ্বিতীয়ার্ধ নিয়ে কোনো নির্দেশ দেওয়া হয়নি। অর্থাৎ, ১৫ এপ্রিল থেকে ৩ মে-র মধ্যে ভ্রমণের জন্য যাঁরা টিকিট কেটেছিলেন, তাঁরা একপ্রকাশ সংশয়েই রয়ে গেলেন।

যদিও একাধিক বিমান সংস্থা আগেই জানিয়েছিল, টিকিটের পুরো টাকা ক্রেডিট সেলে পাঠানো হবে। আগামী এক বছরের মধ্যে সংশ্লিষ্ট ক্রেতা ওই টাকায় ফের টিকিট কাটতে পারবেন। এর জন্য বাড়তি কোনো টাকা দিতে হবে না।

Comments (0)
Add Comment