একটি বিমান যে দুটি শহরকে সংযুক্ত করছে, সে দুটি শহরেই গ্রিন জোনের আওতায় আসতে হবে। তা হলেই সেই দুই শহরের মধ্যে চালু হবে বিমান চলাচল।
এমনই জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিংহ পুরি। সঙ্গে তিনি এটাও বলেন, করোনা সংক্রমণের ভিত্তিতে ক্রমাগত জোনগুলো পরিবর্তন হচ্ছে। ফলে এই মুহূর্তে অভ্যন্তরীন ফ্লাইট চালু করা একটা বড়ো চ্যালেঞ্জের বিষয়।
ভারতের তৃতীয় দফার লকডাউন চলছে। করোনা সংক্রমণের সংখ্যাও প্রতি দিন বাড়ছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এখনও গণপরিবহণ ব্যবস্থা চালু হয়নি তবে বেশি দিন সব কিছু স্তব্ধ করে রেখে দেওয়া যে ভারতের মতো একটা দেশের কাছে খুবই চাপের, সেটাও ভালো মতোই বোঝা যাচ্ছে।
সূত্রের খবর, ১৭ মে’র পর বিমান পরিষেবা কী ভাবে চালু করা যায়, সেই নিয়ে বিভিন্ন বিমানসংস্থার সঙ্গে কথা বলেছে ভারতের কেন্দ্রীয় সরকার। তবে বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিংহ পুরি জানিয়েছেন, বিমান পরিষেবা যদি চালু করা হয় তা ধাপে ধাপেই করা হবে। প্রথমে অভ্যন্তরীন ফ্লাইট, তার পর পরিস্থিতি অনুযায়ী আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে।
বিমান পরিষেবা চালু হলেও যাতে শারীরিক দূরত্বের ব্যাপারটির দিকে নজর দেওয়া হয়, বিমানসংস্থাগুলিকে সে কথা বলেছে কেন্দ্র। তবে তেমনটা করতে গেলে ভাড়া অনেকটাই বেড়ে যাবে বলে অভিমত সংস্থাগুলির
তবে সব কিছুই এখন আলোচনার স্তরে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুমোদন পেলেই এই বিষয়টি নিয়ে আরও এগোনো যাবে।