ডিসেম্বরে শুরু হচ্ছে বিনা খরচে মালয়েশিয়া যাত্রা
শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় চাকরি করতে যাচ্ছেন বাংলাদেশের ১১২ কর্মী।
শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় চাকরি করতে যাচ্ছেন বাংলাদেশের ১১২ কর্মী। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাদের পাঠানোর প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। মালয়েশিয়ার আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে নিয়োগ পাওয়া এসব কর্মীর মেডিকেল পরীক্ষা, বিমানভাড়া এবং অন্যান্য অভিবাসন-সংক্রান্ত ব্যয় বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। ফলে কর্মীদের বিদেশ যেতে নিজেদের কোনো অভিবাসন খরচ বহন করতে হবে না।
সরকারিভাবে কর্মী পাঠানোর এ উদ্যোগ বাস্তবায়ন করছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড—বোয়েসেল। প্রতিষ্ঠানটির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ক্ষেত্রে এবার প্রথমবারের মতো ডিজিটাল লটারির মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৩০০ জনকে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্য থেকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জন কর্মী নিয়োগ দেওয়া হবে।
বোয়েসেল সূত্র জানায়, গত ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। আবেদনকারীদের মধ্য থেকে সফটওয়্যারের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের তালিকা বোয়েসেলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। এতে আগ্রহী প্রার্থীরা সহজেই নিজেদের নির্বাচনের তথ্য জানতে পারবেন।
পরবর্তী সময়ে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশে এসে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেবেন। এসব পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর তাদের মালয়েশিয়ায় পাঠানো হবে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের এই উদ্যোগ নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়তা করবে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নির্বাচিত কর্মীদের ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে মালয়েশিয়ার বিভিন্ন খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল। এসব কর্মী পর্যটন, উৎপাদন ও সেবামূলক খাতের কেয়ারগিভিং পেশায় কাজ করবেন। তাঁদের ক্ষেত্রেও মেডিকেল পরীক্ষা, বিমানভাড়া এবং অন্যান্য প্রয়োজনীয় অভিবাসন ব্যয় নিয়োগকর্তারা বহন করবেন। অর্থাৎ এই কর্মীরাও শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, বোয়েসেলের মাধ্যমে পর্যায়ক্রমে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ার পাশাপাশি অভিবাসন ব্যয়ের চাপ থেকেও কর্মীরা স্বস্তি পাবেন।
সংশ্লিষ্টদের পরামর্শ, মালয়েশিয়ায় যাওয়ার জন্য কোনো ব্যক্তি বা দালালের কাছে অর্থ লেনদেন করা যাবে না। নিয়োগ ও বাছাই প্রক্রিয়ার বিষয়ে বোয়েসেলের সরকারি ওয়েবসাইট এবং নির্ধারিত মাধ্যমে তথ্য যাচাই করতে হবে। প্রতারণা এড়িয়ে সরকারি প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার জন্য আগ্রহী কর্মীদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।