২০২০ সালের প্রথম প্রান্তিকে এয়ার কানাডার ক্ষতি ৭১ কোটি ডলার (১০০ কোটি কানাডিয়ান ডলার) ছাড়িয়ে গেছে। বিমান সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়। মূলত করোনাভাইরাস পরিস্থিতিতে বিশ্বব্যাপী লকডাউন ও বিমান ভ্রমণ কার্যত বন্ধ থাকায় এ ক্ষতির সম্মুখীন হয়েছে এয়ারলাইনসটি। খবর এএফপি।
টানা ছয় বছর মুনাফার পর এই প্রথমবারের মতো বড় ধরনের ক্ষতির মুখে পড়ল কানাডার বিমান পরিবহন সংস্থাটি। এরই মধ্যে এয়ার কানাডা তার সক্ষমতার ৯০ শতাংশ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যালিন রোভিনেস্কু এক বিবৃতিতে বলেন, বর্তমানে আমরা সবচেয়ে অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। বাণিজ্যিক বিমান পরিবহনের ইতিহাসে এমন পরিস্থিতি আর কখনই দেখা যায়নি।
চলতি বছরের প্রথম তিন মাসে এয়ার কানাডার মোট ক্ষতি হয়েছে ১০৪ কোটি ৯০ লাখ কানাডিয়ান ডলার। গত বছর একই সময়ে বিমান পরিবহন সংস্থাটির আয় হয়েছিল ৩৪ কোটি ৫০ লাখ কানাডিয়ান ডলার। প্রতি শেয়ারে ক্ষতি হয়েছে ১ দশমিক ৪৯ কানাডিয়ান ডলার, যা গড়ে বিশ্লেষকদের পূর্্বাভাসের চেয়ে ১৯ সেন্ট বেশি।