লকডাউন উঠলে তার পরের দিন অর্থাৎ ১৮ মে থেকেই ভারতে অভ্যন্তরীন রুটের ফ্লাইট চালু হতে পারে, এমন আভাস পেয়ে সেজে উঠছে কলকাতা বিমানবন্দর। মঙ্গলবার কলকাতা বিমানবন্দরের কর্মকর্তা কৌশিক ভট্টাচার্য ঘুরে ঘুরে টার্মিনালের ভিতরে স্যানিটাইজ়েশন বা জীবাণুমুক্তির কাজ পর্যবেক্ষণ করেন। যাত্রীরা যাতে দূরে দূরে দাঁড়ান, তার জন্য মেঝেতে বিশেষ চিহ্ন এঁকে দেওয়া হয়। টার্মিনালের মধ্যে যাত্রীরা পাশাপাশি যাতে না-বসেন, তার জন্য বেশ কিছু চেয়ারে ক্রস বা কাটা চিহ্নও দিয়ে দেওয়া হয়েছে।
লকডাউন উঠে যাওয়ার পরে পরেই অভ্যন্তরীন রুটের ফ্লাইট চালানোর ক্ষেত্রে ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ বা বিশেষ কিছু নতুন নিয়মের কথা জানিয়েছে ভারতের বিমান মন্ত্রনালয়। মঙ্গলবার দেশের বিভিন্ন বিমানবন্দরে এবং বিভিন্ন বিমানসংস্থার কাছে এই নিয়মাবলি পৌঁছে গিয়েছে। সব যাত্রীকে পিপিই বা বর্মবস্ত্র পরতে হবে। যাত্রীরা পিপিই, মাস্ক, গ্লাভস, জুতোর কভার সঙ্গে না-আনলে বিমানবন্দরে উড়ান সংস্থাকে সেগুলো দিতে হবে। তার জন্য যাত্রীদের কাছ থেকে টাকা নেবে বিমান সংস্থা। আপাতত কেবিন ব্যাগ আনা যাবে না। আরও কিছু নিয়মের কথা বলা হয়েছে। যাত্রীদের মধ্যে বিমানবন্দরের ভিতরে ছ’ফুট দূরত্ব রাখতে হবে। পাশাপাশি তিনটি আসনের মাঝেরটি খালি রাখতে হবে, এমন কোনও নির্দেশ নেই। যার অর্থ, বিমানবন্দরে ছ’ফুট দূরে দূরে দাঁড়িয়ে বিমানে উঠে পাশাপাশি গা ঘেঁষে বসবেন যাত্রীরা।