অস্ট্রেলীয় বিমানসংস্থার নিলামে অংশগ্রহণে আগ্রহী রাহুল ভাটিয়া

ঋণখেলাপি হয়ে পড়া অস্ট্রেলীয় আকাশসেবা সংস্থা ভার্জিন অস্ট্রেলিয়া হোল্ডিংস লিমিটেডের শেয়ার কেনার পরিকল্পনা করছেন ভারতের সাশ্রয়ী এয়ারলাইনার ইন্ডিগোর সিংহভাগ শেয়ারহোল্ডার রাহুল ভাটিয়া। তবে এ বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে ওয়াকিবহাল একটি সূত্র জানিয়েছে। খবর ব্লুমবার্গ।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানিয়েছেন, ভার্জিন অস্ট্রেলিয়ার শেয়ার কেনার যৌক্তিকতা মূল্যায়নের জন্য কোম্পানিসংশ্লিষ্ট বিভিন্ন তথ্য খতিয়ে দেখছেন রাহুল ভাটিয়া। ইন্টারগ্লোব এন্টারপ্রাইজেস লিমিটেডের প্রতিষ্ঠাতা তিনি। আর ইন্ডিগোর সর্বোচ্চসংখ্যক শেয়ারের মালিক হলো ইন্টারগ্লোব এন্টারপ্রাইজেস।

ওই ব্যক্তি জানান, ভার্জিন অস্ট্রেলিয়া কেনার প্রস্তাবনা তৈরির কাজ করছে ভাটিয়ার মালিকানাধীন ইন্টারগ্লোব এন্টারপ্রাইজেস। ইন্ডিগো এর সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন তিনি। এর আগে একটি প্রতিবেদনে প্রকাশ হয় যে ইন্ডিগো ভার্জিন অস্ট্রেলিয়াকে কেনার পরিকল্পনা করছে। তবে কোম্পানিটির পক্ষ থেকে তা অস্বীকার করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.