কালো টাকা সাদা করার বিপক্ষে বিসিআই

BCI1460896329আগামী বাজেটে কালো টাকা সাদা করার প্রথা অব্যাহত রাখার বিপক্ষে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। তবে এই প্রথা যদি রাখাই হয় তা কেবল শিল্প খাতে বিনিয়োগের সুযোগ থাকা উচিত বলে সংগঠনটি মনে করে।

রোববার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) প্রাক বাজেট আলোচনায় সংগঠনটির বাজেট প্রস্তাবনায় এই প্রসঙ্গ তুলে ধরা হয়। সংগঠনটির সহ-সভাপতি মো. শামসুর রহমান প্রস্তাবনা উপস্থাপন করেন।

প্রস্তাবনায় বলা হয়েছে, বিগত বাজেটগুলোতে কালো টাকা সাদা করার প্রথা অব্যাহত রাখা হচ্ছে যা মোটেই যুক্তি সঙ্গত নয়। কালো টাকা উপার্জন এবং এর ব্যবহার উভয়ই অন্যায় এবং অবৈধ কাজ। এতে করে বৈধ অর্থ উপার্জনকারীরা নিরুৎসাহিত হবেন। তাছাড়া জমি, প্লট, ফ্ল্যাট ও শেয়ার বাজারে এ কালো টাকা ব্যবহারের সুযোগ প্রদান করা হয়েছে।

প্রস্তাবনায় আরো বলা হয়, জমি ক্রয়ে কালো টাকা ব্যবহার হলে জমির দাম বৃদ্ধি পাবে এবং শিল্পায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। কালো টাকা সাদা করার ব্যবস্থা থাকলে তা শুধু শিল্প খাতে অপ্রদর্শিত টাকা বিনিয়োগের সুযোগ থাকা উচিত।

বন্ডের বিষয়ে বিসিআইয়ের প্রস্তাবনায় বলা হয়েছে, বন্ড সুবিধা প্রদান ও কার্যকর করার ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন, কঠোর তদারকি ও নজরদারি নিশ্চিত করতে হবে।

এ ছাড়া আন্ডার ইনভয়েস এবং মিস ডিক্লারেশনের মাধ্যমে পণ্য আমদানি বন্ধের ব্যবস্থা গ্রহণ করার জন্য নিয়মিতভাবে মূল্যের খাত ভিক্তিক ডাটা আহরণ এবং সকল বন্দরে স্ক্যানার ও স্বয়ংক্রিয় পরিমাপক স্থাপনের প্রস্তাব জানায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.