ভারতে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু নিয়ে সিদ্ধান্ত জুলাইয়ে

ভারতীয়দের ফেরাতে চালু থাকবে "বন্দে ভারত মিশন"

এভিয়েশন নিউজ ডেস্ক : ভারতে করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে আগামী জুলাই মাসে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানালেন অ-সামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরী।

গত ২৫ থেকে অভ্যন্তরীণ বিমান পরিষেবা চালু হয়েছে ভারতে। করোনাভাইরাস পরিস্থিতিতে প্রায় দু’মাস স্থগিত থাকার পর অভ্যন্তরীণ বিমান পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

গোটা পৃথিবীতে থাবা বসিয়েছে করোনাভাইরাস।আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ রয়েছে। করোনাভাইরাস বিস্তার রোধে ভারতেও আন্তর্জাতিক বিমান পরিষেবাও বন্ধ রয়েছে। তবে বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে ‘বন্দে ভারত মিশনে‘র অধীনে বিশেষ বিমান চালাচ্ছে এয়ার ইন্ডিয়া।

বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, “আমাকে প্রায়শই জিজ্ঞাসা করা হয়, কবে থেকে আন্তর্জাতিক উড়ান পরিষেবা ফের চালু করা হবে? পুরো ব্যাপারটা যদি আমার উপর ছেড়ে দেওয়া হয়, তা হলে আমি বলতে পারি, করোনাভাইরাসের আচরণের ক্ষেত্রে যদি তেমন কোনো ইতিবাচক ইঙ্গিত পাওয়া যায়, তা হলে আগামী জুলাই মাসেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে মন্ত্রক সিদ্ধান্তে অনুমোদন দেবে কি না, সেটাই মুখ্য বিষয়”।

তিনি বলেন, “ঘরোয়া পরিস্থিতি দেখার পরই সরকার এই সিদ্ধান্ত নেবে। ঘরোয়া বিমান পরিষেবা চালুর পর বেশ কয়েকটি রাজ্য, বিশেষত দক্ষিণের রাজ্যগুলি ফের লকডাউন ফিরিয়ে নিয়ে আসছে। আমাদের দেখতে হবে, অন্যান্য দেশে কী ঘটছে। নিশ্চিত হওয়ার পরই সরকার সিদ্ধান্ত নিতে পারে”।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.