কাল থেকে শুরু হচ্ছে বিমানের ঢাকা লন্ডন সরাসরি ফ্লাইট
অত্যাধুনিক এয়ারক্রাফট ড্রিমলাইন দিয়ে ফ্লাইট পরিচালণা করবে
এভিয়েশন নিউজ ডেস্ক : দীর্ঘ আড়াই মাসের বেশি দিন পর কাল শনিবার থেকে যুক্তরাজ্য রুটে সরাসরি ফ্লাইট চলাচল শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত ১৬ জুন থেকে এই রুটে ফ্লাইট চালানোর অনুমতি পেলেও প্রস্তুতি না থাকায় এতদিন ফ্লাইট শুরু করতে পারেনি। এই রুটে বিমান তাদের অত্যাধুনিক এয়ারক্রাফট ড্রিমলাইন (বোয়িং৭৮৭) দিয়ে ফ্লাইট পরিচালণা করবে।
বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমে বলেন, যুক্তরাজ্যে বিমান লন্ডন ম্যানচেস্টার রুটে সপ্তাহের সাত দিনই ফ্লাইট পরিচালনা করত। তবে আপাতত ম্যানচেস্টারে যাবে না বিমান। লন্ডনে প্রতি সপ্তাহে ঢাকা থেকে একটি করে ফ্লাইট যাবে।
এদিকে কাতার এয়ারওয়েজ ঢাকা–দোহার রুটে ফ্লাইট চালু করেছে গত ১৬ জুন রাত থেকে। ইতিমধ্যে তারা ৩টি ফ্লাইট পরিচালনা করে ফেলেছে। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিজুর রহমান বলেন, গত সোমবার দিবাগত রাতেই কাতার এয়ারওয়েজের ফ্লাইট ঢাকায় আসে। তাদের প্রতি সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। তবে কাতার এয়ারওয়েজের ট্রানজিট যাত্রীরা কেবল চলাচল করতে পারবেন। অন্যদিকে যুক্তরাজ্যে কেবল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলতে পারবে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ মার্চ থেকে চীন ছাড়া সব আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বেবিচক। বেশ কয়েকবার সময় বৃদ্ধি করে ১৫ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিমানের অত্যাধুনিক ড্রিমলাইনার
বিমানের ১০টি বোয়িংয়ের মধ্যে আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস নামে চারটি ড্রিমলাইনারের নাম পছন্দ ও বাছাই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে পালকি, অরুণ আলো, আকাশ প্রদীপ, রাঙা প্রভাত নামে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর এবং মেঘদূত ও ময়ূরপঙ্খী নামে দুটি বোয়িং ৭৩৭-৮০০ নামও দিয়েছেন প্রধানমন্ত্রী।
একটানা ১৬ ঘণ্টা উড়তে পারে ড্রিমলাইনার। এটি চালাতে অন্যান্য বিমানের তুলনায় ২০ শতাংশ জ্বালানি কম লাগে। অন্য তিনটি ড্রিমলাইনারের মতো ‘রাজহংস’এর আসনসংখ্যা ২৭১টি। বিজনেস ক্লাস ২৪টি আর ২৪৭টি ইকোনমি ক্লাস। বিজনেস ক্লাসে ২৪টি আসন ১৮০ ডিগ্রি পর্যন্ত রিক্লাইন্ড সুবিধা এবং সম্পূর্ণ ফ্ল্যাটবেড হওয়ায় যাত্রীরা আরামদায়কভাবে স্বাচ্ছন্দ্যর সঙ্গে ভ্রমণ করতে পারবেন। বিমানটিতে যাত্রীরা অন্যান্য আধুনিক সুবিধা, ইন্টারনেট ও ফোন কল করার সুবিধাও পাবেন।
