আইনের ফাঁক গলে এক মহিলা বিমানের টিকিট কেটে কয়েক কোটি টাকা আয় করে ফেললেন।
ঠিকই পড়ছেন, টিকিট বিক্রি করে নয়, টিকিট কিনে এই মহিলা ভারতীয় মুদ্রায় প্রায় তিন কোটি ২০ লাখ টাকা আয় করে ফেলেছেন।
চিনের নানজিংয়ের বছর পঁয়তাল্লিশের এক মহিলা, যাঁর পদবী ‘লি’ বলে জানা গিয়েছে।
২০১৫ থেকে ২০১৯-এর মধ্যে তিনি প্রায় ৯০০ টিকিট বুক করেন।
কোনও বারেই প্রায় তাঁর বিমানে চড়ার পরিকল্পনা ছিল না।
তিনি শুধু নিজের নামেই নয় আত্মীয়, বন্ধু সহ প্রায় ২০ জনের পরিচয় ব্যবহার করে এই টিকিটগুলি কাটতেন।
লি স্থানীয় আবহাওয়ার পূর্বভাস দেখে টিকিট কাটতেন।
দেখতেন, ঝড়-বৃষ্টি বা কুয়াশার কারণে কোন কোন ফ্লাইটের উপর প্রভাব পড়তে পারে।
সেই মতো টিকিট কেটে তিনি বিমা করাতেন।
যাতে ফ্লাইট বাতিল বা বিলম্বিত হলে বিমা কোম্পানির কাছ থেকে টাকা পান।
তাঁর এই পরিকল্পনা বেশির ভাগ ক্ষেত্রেই সফল হয়।
ফলে তিনি প্রায় এই পাঁচ বছরে সাকুল্যে প্রায় তিন কোটি ২০ লাখ টাকা লাভ করেন বিমা কোম্পানি থেকে।
অসৎ উপায়ে টাকা উপার্জনের চেষ্টার অভিযোগে সম্প্রতি নানজিং পুলিশ গ্রেফতার করেছে লি-কে।