বাংলাদেশ বিমান বাহিনী শান্তিরক্ষা মিশনে ৩টি হেলিকপ্টার পাঠালো

বাংলাদেশ বিমান বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কন্টিনজেন্টের জন্য প্রথমবারের মতো নাইটভিশন প্রযুক্তি সম্পন্ন তিনটি আর্মড ভার্শন এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টার মধ্য আফ্রিকান রিপাবলিকে প্রেরণ করেছে।

শনিবার সকাল ৫টা ৩৩ মিনিটে জাতিসংঘ কর্তৃক ভাড়াকৃত বিমান আন্তনভ-১২৪ বাঙ্গুই এসব অত্যাধুনিক প্রযুক্তির হেলিকপ্টার, যন্ত্রপাতি ও ২ জন বিমানসেনা নিয়ে , মধ্য আফ্রিকান রিপাবলিকের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ মে বাংলাদেশ বিমান বাহিনীর ১২৩ জন সদস্যের একটি কন্টিনজেন্টকে জাতিসংঘ কর্তৃক ভাড়াকৃত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের মাধ্যমে মিশন অঞ্চলে মোতায়েন করা হয়েছিল। এটা ছিল ইউএন পিসকিপিং ক্যাপাবিলিটিজ রেডিনেস সিস্টেম (পিসিআরএস) কর্তৃক পরিচালিত র‌্যাপিড ডেভেলপমেন্ট লেভেলের (আরডিএল) আওতায় মোতায়েনকৃত প্রথম কন্টিনজেন্ট।

জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে বিবাদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সাথে  দায়িত্ব পালন করে আসছে।

বাংলাদেশ বিমান বাহিনী বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাসের প্রাদুর্ভাব থাকার পরও  মধ্য আফ্রিকান রিপাবলিকে কন্টিনজেন্ট প্রেরণ করেছিল। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনী তিনটি অত্যাধুনিক নাইটভিশন প্রযুক্তি সম্পন্ন এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টার ও যন্ত্রপাতি মধ্য আফ্রিকান রিপাবলিকে প্রেরণ করে।

নাইটভিশন প্রযুক্তি সম্পন্ন হেলিকপ্টারগুলো মধ্য আফ্রিকান রিপাবলিকে অবস্থিত বাংলাদেশ মিডিয়াম আর্মড মিলিটারি হেলিকপ্টার ইউনিটে যুক্ত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্য আফ্রিকান রিপাবলিকের সংকট নিরসনের জন্য উন্নত প্রযুক্তি ও দক্ষ জনশক্তি নিয়ে উক্ত হেলিকপ্টার ইউনিট আরও কার্যকর ভূমিকা রাখবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.