সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আটকে পড়া ২৪৩ বাংলাদেশী নাগরিককে নিয়ে বিমানের কাছ থেকে ভাড়ায় নেয়া ফ্লাইট ঢাকা অবতরণ করেছে। ২৫ জুন বৃহস্পতিবার রাত ৮টা ৩৭ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিজি ৪১৪৮ ফ্লাইটটি আজ আবুধাবির স্থানীয় সময় দুপুর ২টায় ছেড়ে ঢাকা এসে পৌঁছায় বাংলাদেশ সময় রাত ৮টা ৩৭ মিনিটে।
বাংলাদেশ বিমানবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্ট এ বিশেষ ফ্লাইটের ভাড়ার উদ্যোগ নিয়েছিল। বাংলাদেশ বিমানবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয় আগে।
এতে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমানবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ২৫ জুন ঢাকা-আবুধাবি-ঢাকা বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের বোয়িং-৭৮৭-৯ দিয়ে আবুধাবি-ঢাকা রুটে ফ্লাইটটি পরিচালনা করা হয়।
বিশেষ ফ্লাইটে একমুখী যাত্রায় টিকিটের মূল্য ইকোনমি ক্লাস ৩৯ হাজার টাকা (৪৫ কেজি চেক ইন ও ৭ কেজি কেবিন ব্যাগেজ), প্রিমিয়াম ইকোনমি ক্লাস ৫০ হাজার টাকা (৫০ কেজি চেক ইন ও ১০ কেজি কেবিন ব্যাগেজ) ও বিজনেস ক্লাস ৬০ হাজার টাকা (৫০ কেজি চেক ইন এবং ১৫ কেজি কেবিন ব্যাগেজ)। অতিরিক্ত লাগেজ ১৫০০ টাকা প্রতি ৫ কেজি স্লটের জন্য।
জানাগেছে আবুধাবি বিমানবন্দরে যাত্রীদের বিনামূল্যে করোনা টেস্ট করানো হয়েছে। নেগেটিভ সার্টিফিকেট থাকলে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে থাকতে হবে না। যাত্রার ৪ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার পাশাপাশি বিমানবন্দরে অবশ্যই ২ জোড়া ডিসপোসিবল গ্লাভস ও মাস্ক নিয়ে আসতে বলা হয়েছিল।