বিশেষ ফ্লাইটে পঞ্চম দফায় ঢাকা ছাড়লেন নেপালের ৬০ নাগরিক

মহামারি করোনাভাইরাসের পরিস্তিতিতে আটকে পড়া নেপালের ৬০ নাগরিক ঢাকা ছাড়লেন। এ নিয়ে পাঁচ দফায় ফিরে গেছেন দেশটির ৮৭৫ জন নাগরিক।

ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস জানিয়েছে, বৃহস্পতিবার (০২ জুলাই) বিকেল ৪টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্রী এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট নেপালের নাগরিকদের নিয়ে নেপালের উদ্দেশে ছেড়ে যায়।

এসময় দূতাবাসের কর্মকর্তারা যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত থেকে বিদায় জানান।

এর আগে গত ২১ জুন নেপাল এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ফিরে যান ২৪৫ জন নেপালি, ২০ জুন হিমালয়া এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে নেপাল যান ১৫৭ জন, ১৭ জুন একই এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ফিরে যান দেশটির ১৫৫ জন শিক্ষার্থী।

১৪ জুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে প্রথমবারের মতো নিজ দেশের নাগরিকদের ফেরত পাঠানোর জন্য বিশেষ চার্টার্ড ফ্লাইটের আয়োজন করে নেপাল দূতাবাস। নেপাল এয়ারলাইন্সের সেই বিশেষ ফ্লাইটে ২৫৮ জন নাগরিক ঢাকা ছাড়েন।

এসব বিশেষ চার্টার্ড ফ্লাইট আয়োজনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি) সর্বাত্মক সহযোগিতা করেছে বলে জানিয়েছে দেশটির দূতাবাস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.