আবুধাবি বিমানবন্দর থেকে দেশে ফিরতে হচ্ছে ২৯ বাংলাদেশিকে, কারন জানা নেই

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিমানবন্দরে বাংলাদেশ বিমানে যাওয়া ৪২ জন যাত্রীর মধ্যে ২৯ জন আটকে পড়েছেন।
বাকি ১২ জন ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেছেন।
আমিরাতে ঢুকতে না পাড়া ২৯ জনকে আগামীকাল (বুধবার) ভোর ৩টা ৪৫ মিনিটে আবুধাবি এয়ারপোর্ট থেকে আবার দেশে ফিরে যেতে হচ্ছে।

এ ব্যাপারে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হলে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, আটকে পড়া যাত্রীদের ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতা নিরসনে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আমিরাতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

তাদের সঙ্গে এ সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনা অব্যাহত রয়েছে। তবে নতুন এই আটকে পড়া যাত্রীরা ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে আমিরাতে প্রবেশ করতে পারবে কি না সে ব্যাপারে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী জানা যায়, আজকের আটকে পড়া ২৯ জন যাত্রীর সবারই ভিসা এবং আইডি কার্ডের মেয়াদ, আইসিএর পূর্ব অনুমোদন, এপিআই এবং করোনা টেস্ট- সব কিছু ঠিক আছে। তবে কেন তাঁদের আমিরাতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সে ব্যাপারে এখন পর্যন্ত আটকে পড়া যাত্রীরা কেউ সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.