আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে স্থগিতাদেশ শিথিল করার ঘোষণা দিয়েছে সৌদি আরব

বিমানবন্দর ডেস্ক : কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে স্থগিতাদেশ শিথিল করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে বিধিনিষেধ আংশিক তুলে নেয়া হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীর কারণে আন্তর্জাতিক রুটে টানা ছয় মাস বিধিনিষেধ থাকার পর এমন সিদ্ধান্ত নিল সৌদি আরব।

সৌদি সরকারি সংবাদ সংস্থায় প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলের নাগরিক ও সৌদি আরবে আবাসনের অনুমতি বা ভিসা আছে— এমন নাগরিকেরা কাল (মঙ্গলবার) থেকে সৌদি আরবে ঢুকতে পারবেন। এছাড়া সৌদি সরকারি কর্মী বা সেনাসদস্য, দূতাবাসের কর্মী, শিক্ষার্থী ও চিকিৎসার জন্য আসা মানুষও সৌদিতে ঢুকতে ও বাইরে যেতে পারবেন।

স্থানীয় সময় গতকাল রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, সৌদি নাগরিকদের জন্য আকাশ, স্থল ও জলপথে ভ্রমণের সব ধরনের বিধিনিষেধ আগামী বছরের ১ জানুয়ারির পর থেকে তুলে নেয়া হবে। আর আগামী ডিসেম্বর মাসে এ ব্যাপারে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

এদিকে একই বিবৃতিতে ওমরাহ পালনের জন্য অনুমতির বিষয়ে পরে ঘোষণা দেয়া হবে বলে জানানো হয়েছে। কভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে গত মার্চে ওমরাহ স্থগিত করে সৌদি আরব। জুলাই মাসের শেষ দিকে সীমিত আকারে হজ পালন করা হয়।

গত মার্চে সৌদি আরব আন্তর্জাতিক সব ফ্লাইট স্থগিত করে। এতে অনেক নাগরিক বিদেশে আটকে পড়েন। সৌদি আরবে এ পর্যন্ত ৩ লাখ ২৫ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ হাজার ২০০ জনের বেশি।

সূত্র: এএফপি ও আরব নিউজ,বণিকবার্তা

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.