হালাল পদ্ধতিতে জবাই করলে নাকি পশুকে যন্ত্রণা পেয়ে মরতে হয়।
তাই হালাল পদ্ধতিতে পশু জবাই নিষিদ্ধের দাবিতে ভারতের সুপ্রিম কোর্টে আরজি জানিয়েছিল ভারত মোর্চা নামের একটি ডানপন্থি সংগঠন।
কিন্তু তাদের এই যুক্তি খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিসান কউলের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।
এদিকে আবেদনের শুনানিতে আদালত বলেন, মানুষ কে কীভাবে খাবে, সে বিষয়ে আদালত কখনোই হস্তক্ষেপ করতে পারে না।
বিচারপতি দীনেশ মহেশ্বরী বলেন, ‘‘কে নিরামিষ খাবেন আর কে আমিষ খাবেন, তা আদালত ঠিক করে দিতে পারেন না।
যারা হালাল করা মাংস খেতে চান, খেতে পারেন।
যারা ঝটকা মাংস খেতে চান, খেতে পারেন।’’ আবেদনটি খারিজ করার আগে আবেদনকারী ওই সংগঠনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন আদালত। বলা হয়, ‘‘আপনাদের আবেদনটি অভিসন্ধিমূলক।’’