করোনার মধ্যেও আয় থেমে নেই প্রযুক্তি কোম্পানিগুলোর।
আয় করছে বহুজাতিক কোম্পানিরাও।
তারই ধারাবাহিকতায় জাপানি কোম্পানি সনির নিট মুনাফা বেড়েছে প্রায় দ্বিগুণ।
রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে সনির আয় বৃদ্ধির এ চিত্র জানা জায়।
গেমিংসহ গুরুত্বপূর্ণ কয়েকটি খাতে চাঙাভাবের কারণে এপ্রিল থেকে সেপ্টেম্বরে দ্বিগুণ নিট মুনাফা করেছে সনি।
প্রথমার্ধের ইতিবাচক মুনাফা এবং আগামী মাসে বহুল কাঙ্ক্ষিত প্লে-স্টেশন ৫ কনসোল বাজারে নিয়ে আসার সম্ভাবনায় চলতি অর্থবছরের পূর্বাভাস নবায়ন করেছে কোম্পানিটি।
আগামী ছুটির মৌসুমে নতুন এক্সবক্সের সঙ্গে বেশ প্রতিযোগিতার আভাস দিচ্ছে তারা।
সম্প্রতি সনি জানায়, চলতি অর্থবছরের প্রথমার্ধে তাদের নিট মুনাফা ১০৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ৬৯ হাজার ২৮৯ কোটি ইয়েন বা ৬৬৫ কোটি ডলারে দাঁড়িয়েছে।
কোম্পানিটি বার্ষিক ৮০ হাজার কোটি ইয়েন নিট মুনাফার পূর্বাভাস দিচ্ছে।
আগের পূর্বাভাসে ৫১ হাজার কোটি ইয়েন নিট মুনাফার পূর্বাভাস দিয়েছিল সনি।