অধিকৃত কাশ্মীরের পুঞ্চ জেলায় পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র কমিশনড অফিসার নিহত হয়েছেন।
এ ঘটনায় মোহম্মদ রশিদ নামে আহত একজনকে জম্মুর জিএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার দুপুরে নিয়ন্ত্রণরেখা লাগোয়া গ্রামগুলো লক্ষ্য করে হামলা চালায় পাকসেনারা।
এতে মারা যান ভারতীয় সেনার জুনিয়র কমিশনড অফিসার স্বতন্ত্র সিং।
ভারতীয় সেনার এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে পুঞ্চের কসবা ও কিরনি সেক্টরকে নিশানা করে পাক রেঞ্জার্স।
তাদের ছোড়া গোলায় গুরুতর আহত হন জেসিও স্বতন্ত্র সিং। পরে তাকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি।