নিজেদের দেশের ১২ কোটি ৬০ লাখ মানুষকে বিনামূল্যে মহামারি করোনা ভ্যাকসিন দেবে জাপান।
এ জন্য দেশটির পার্লামেন্ট বুধবার একটি বিল পাস করেছে।
এ খবর জানানো হয়েছে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে।
এএফপির প্রতিবেদনে বলা হচ্ছে, দৈনিক রেকর্ড সংক্রমণ নিয়ে এক সময় করোনার প্রকোপ নিয়ন্ত্রণের জন্য বাহবা পাওয়া জাপানের নাজুক করোনা পরিস্থিতির মধ্যে দেশটির সরকার পার্লামেন্টে বিলটি উত্থাপন করে।
সরকার ১২ কোটি ৬০ লাখ বাসিন্দার সবার জন্য প্রয়োজনীয় ভ্যাকসিনের সমস্ত ব্যয় পরিশোধ করবে মর্মে উত্থাপিত ওই বিল জাপানের সংসদের উচ্চকক্ষের অনুমোদনের পর শক্তিশালী নিম্নকক্ষেও পাস হয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে দেশ এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে জাপানের প্রধানমন্ত্রীর এমন সতর্কতা ও দেশটির চিকিৎসকদের হাসপাতাল রোগীতে পূর্ণ হওয়ার শঙ্কার কথা জানানোর পর বিলটি পাস হলো সংসদে।