এবার তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সোমবার ট্রাম্প প্রশাসন তাদের ন্যাটো জোটের সদস্য দেশ তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার কারণেই তুরস্কের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই নিষেধাজ্ঞার মাধ্যমে নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা গ্রহণের আগে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরো সংঘাতময় হয়ে উঠল।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রাশিয়ার কাছ থেকে তুরস্কের এস-৪০০ সংগ্রহ করার ঘটনা ন্যাটো জোটের নীতির পরিপন্থি এবং এই জোটের সদস্য দেশগুলোর জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।
দুই বছরেরও বেশি সময় আগে তুরস্ক রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নেয়ার সময় থেকেই যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করে আসছে।
তবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সরকার প্রথম থেকেই মার্কিন বিরোধিতাকে উপেক্ষা করে আসছিল।