মার্কিন যুক্তরাষ্ট্রে মঙ্গলবার মহামারি করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
এ দিন দেশটিতে নতুন করে ২ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
ওই ইউনিভার্সিটির প্রকাশিত তথ্যের ওপর ভিত্তি করে এএফপি প্রণীত উপাত্ত অনুযায়ী, একই সময় যুক্তরাষ্ট্রে নতুন করে আরো ২ হাজার ৭০৬ জন কোভিড-১৯ রোগে মারা গেছে।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত মাসে নাটকীয়ভাবে কোভিড-১৯ রোগে সংক্রমণের হার অনেক বেড়ে যেতে দেখা যায়। দেশটিতে প্রাত্যহিক হিসাবে গত ১৩ দিনের ১০ দিনই নতুন করে ২ লাখ বা তার বেশি সংখ্যক লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
মার্কিন স্বাস্থ্য ও মানবিক সেবা বিভাগের উপাত্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে হাসপাতালে ভর্তি কোভিড রোগীর সংখ্যা ১ লাখ ৩০ হাজার।
মার্চে এ মহামারি ভাইরাসের ছড়িয়ে পড়ার শুরু থেকে এ সংখ্যা সর্বোচ্চ।