ক্ষমতার শেষ প্রান্তে এসে অদ্ভুত খেলায় মত্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
শেষ ট্রাম্প কার্ডটি খেলার চেষ্টা করছেন ডেমোক্র্যাটদের ঘাড়ে বন্দুক রেখেই।
আর তাতে হাউস স্পিকার ন্যান্সি পেলোসির সমর্থনও পেয়ে গেছেন তিনি।
করোনার জেরে জনপ্রতি ৬০০ ডলারের নগদ সাহায্যের দাবির পরিবর্তে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, তিনি নগদ দু’হাজার ডলার দিতে ইচ্ছুক।
না হলে করোনাভাইরাসের ৯০০ বিলিয়ন ডলারের সাহায্য তহবিলের বিলেও স্বাক্ষর করবেন না বলে হুমকি দিয়েছেন তিনি।
এই চালে দুই দলের আইন প্রণেতাদের সমঝোতা ভণ্ডুল করে দেয়ার চতুর চাল চেলেছেন ট্রাম্প।
অভিযোগ উঠছে, মার্কিন জনগণকে বিভ্রান্তিতে রেখে ফ্লোরিডার রিসর্টে গলফ খেলায় ব্যস্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অথচ, ক্রিসমাস উৎসবের ছুটি পেরলেই এক কোটি কর্মহীন মানুষের ভাতা বন্ধ হয়ে যাবে।
ফলে মার্কিন মুলুকে এই শীতেও চড়ছে রাজনীতির পারদ।