যুক্তরাজ্য থেকে সিলেটে ফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য সিলেটে দুটি হোটেল চূড়ান্ত করা হয়েছে।
নির্ধারিত দুটি হোটেলে যুক্তরাজ্যফেরত যাত্রীদের নিজ খরচে ১৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।
হোটেল দুটি হচ্ছে হোটেল স্টার প্যাসিফিক ও হোটেল হলি গেট।
আজ শনিবার বেলা দুইটার দিকে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাম্মা লাবিবা অর্ণব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারিভাবে ১ জানুয়ারি থেকে যুক্তরাজ্যফেরত সব যাত্রীকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়।
বাধ্যতামূলক কোয়ারেন্টিনের সব খরচ যুক্তরাজ্যফেরত যাত্রীদের নিজ দায়িত্বে বহন করার কথাও বলা হয়।
এরই অংশ হিসেবে প্রাথমিকভাবে সিলেট জেলা প্রশাসন হোটেলমালিকদের সঙ্গে কথা বলে দুটি হোটেল নির্ধারণ করেছেন।